শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল বন্ধ

আপডেট : ১৪ অক্টোবর ২০১৯, ২২:২৮

পদ্মা নদীতে নাব্য সংকটের কারণে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ও মাদারীপুর শিবচরের কাঁঠালবাড়ি নৌপথে ফেরি চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। নাব্য সংকটের কারণে গত রবিবার ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। বিআইডব্লিউটিসি বলছে, বিআইডব্লিউটিএর গাফিলতির কারণে নদীতে ড্রেজিং হচ্ছে না। এ জন্য ফেরি চলাচলও সচল করা যাচ্ছে না। তবে বিআইডব্লিউটিএ বলছে, নদীতে খনন কাজ চলছে। নৌ পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব গোলাম মোস্তফাসহ উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল সোমবার চ্যানেল পরিদর্শন করে দ্রুতই চ্যানেল খুলে দেবার আশাবাদ ব্যাক্ত করেছেন।

শিমুলিয়াঘাট ও স্থানীয় সূত্রে জানা যায়, গত এক মাস ধরে নাব্য সংকট ও স্রোতের কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। এ কারণে প্রায় বন্ধ রাখতে হত অর্ধেকেরও বেশি ফেরি। গত রবিবার সকাল থেকে নৌ-চ্যানেলে নাব্য সংকট তীব্র আকার ধারণ করে। একই সঙ্গে মূল নদীতে ছিল তীব্র স্রোত। ফলে ফেরি চ্যানেল মুখ দিয়ে ঢুকতে পারছিল না। রবিবার বিকালে ফেরি চলাচল বন্ধ হওয়ায় ঘাটে আটকা পড়েছে প্রায় ৫ শতাধিক বিভিন্ন প্রকার যানবাহন। এতে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে এ পথের যাত্রী ও চালকদের।