নোবেল জয়ের খবর পেয়ে ঘুমিয়ে পড়ি ---------------অভিজিত্

আপডেট : ১৪ অক্টোবর ২০১৯, ২৩:০৯

নোবেল জয়ের খবর পেয়ে ঘুমিয়ে পড়ি। ৪০ মিনিট ঘুমাই। তারপর একের পর এক ফোন আসতে থাকে। বন্ধুরা অভিনন্দন জানায়। মায়ের সঙ্গে কথা বলার চেষ্টা করছি। কিন্তু প্রতি মুহূর্তে ফোন এসে চলেছে। নোবেল জয়ের পর নিজের প্রথম প্রতিক্রিয়ায় একথা বলেছেন অর্থনীতিতে সদ্য নোবেল জয়ী অভিজিত্ বিনায়ক ব্যানার্জি।

অভিজিত্ বলেন, আমি ভেবেছিলাম বছর দশেক বাদে হয় তো পেলেও পেতে পারি। আমার চেয়ে অনেক কৃতি মানুষ আছেন। যাদের এখনো দেওয়া হয়নি। তাদের বয়স হয়েছে। তাদের দেওয়ার পর হয়তো আমার কথা ভাবা হতে পারে, এমনটাই ভেবেছিলাম। নোবেল পেয়ে আমার ভাল লাগছে আবার আশ্চর্যও লাগছে। আমি ১৯৯৫-৯৬ সাল থেকে গবেষণা শুরু করেছি। এর মধ্যে পশ্চিমবঙ্গও রয়েছে। এখান থেকে আমি অনেক রসদ পেয়েছি। পশ্চিমবঙ্গের একাধিক বিষয় নিয়ে গবেষণা করেছি। নানা বিষয়ে। ছোটবেলার এবং বড় হওয়ার গল্প আমাকে অনেক রসদ দিয়েছে। অনেক ইতিহাস মনে আসে।