বিরোধীদের শায়েস্তা করতে ছাত্রদের হাতে অস্ত্র ও টাকা তুলে দিয়েছে সরকার : অলি

আপডেট : ১৫ অক্টোবর ২০১৯, ০০:২৬

এলডিপির প্রেসিডেন্ট ও জাতীয় মুক্তিমঞ্চের আহ্বায়ক কর্নেল (অব) অলি আহমদ বলেছেন, বিরোধী রাজনৈতিক দলগুলোকে শায়েস্তা করতে সরকার ছাত্রদের হাতে অস্ত্র ও টাকা তুলে দিয়েছে। ছাত্রদেরকে চাঁদাবাজি ও গুন্ডামি করার পরিবেশ সৃষ্টি করে দিয়েছে সরকার। গতকাল সোমবার দলের নেতাকর্মীদের সঙ্গে এক বৈঠকে তিনি একথা বলেন।

অলি আহমদ বলেন, দেশের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিরা নির্বাচিত হননি। বিগত জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে ও নির্বাচনকালীন সময়ে জনগণ বিভিন্নভাবে নির্যাতিত ও অত্যাচারিত হয়েছে। কারণ দেশ স্বাধীন হয়েছে, তবে জনগণ স্বাধীন হয়নি। তিনি বলেন, এ সরকার দেশের স্বার্থ রক্ষায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। ভারতের যা কিছু দরকার এই সরকার সবকিছু দিয়েছে। বর্তমান সরকার বারবার ভারতের কাছে কূটনৈতিকভাবে পরাজিত হয়েছে। এই সরকার ২০০৮ সালের পর থেকে ক্ষমতায় আছে, কিন্তু কোনো নদীর পানি আনতে পারেনি। তবে ভারতের যা দরকার সবকিছু দিয়ে দিয়েছে।