আজকের শিশুরাই আলোকিত ভবিষ্যত্। তারাই ২০৪১ সালে উন্নত বাংলাদেশের নেতৃত্ব দেবে। বাংলাদেশে আর কোনো শিশু যেন অধিকারবঞ্চিত না থাকে, সেই লক্ষ্যে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে বলে জানান বক্তারা। গতকাল সোমবার বিকালে রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০১৯-এর সমাপনি অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। এ বছর দিবসের প্রতিপাদ্য ছিল, ‘আজকের শিশু আনবে আলো, বিশ্বটাকে রাখবে ভালো’।
প্রধান অতিথির বক্তব্যে মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেন, শিশুরা বড়ো হয়ে দেশের নেতৃত্ব দেবে। উন্নত বাংলাদেশের চালকের আসনে থাকবে আজকের শিশুরাই। শিশুদের অধিকার ও সুরক্ষা শুধু শিশু সপ্তাহের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। বিশেষ অতিথির বক্তব্য দেন মহিলা ও শিশুবিষয়ক সচিব কামরুন নাহার। বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান লাকী ইনামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মহিলাবিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক বদরুন নেসা, জয়িতা ফাউন্ডেশনের চেয়ারম্যান বেগম আফরোজা খান, জাতীয় মহিলা সংস্থার নির্বাহী পরিচালক কাজল ইসলাম, জাদুশিল্পী জুয়েল আইচ। প্রধান অতিথি প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।
