চোর সন্দেহে ধাওয়া খেয়ে ছয়তলা ভবন থেকে পড়ে যুবক নিহত

আপডেট : ১৫ অক্টোবর ২০১৯, ০০:২৮

রাজধানীর মুগদার মানিকনগরে চোর সন্দেহে ধাওয়া খেয়ে ছয়তলা ভবন থেকে পড়ে কামাল হোসেন রাজু নামে এক যুবক নিহত হয়েছে। সোমবার ভোরে এ ঘটনা ঘটে।

মুগদা থানার এস আই শরিফুল ইসলাম জানান, পূর্ব মানিকনগরের একটি বাড়ির ছয়তলার ওপরে ছোটো একটি রুমের বাইরে থেকে থাই গ্লাসের জানালা ধরে টান দেওয়ায় বাসার ভেতর থেকে ভাড়াটিয়া লুত্ফর রহমান রবিন চোর বলে চিত্কার দেন। পালানোর সময় ছয়তলা থেকে পড়ে ঘটনাস্থলেই রাজুর মৃত্যু হয়। খবর পেয়ে সকালে তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়।

নিহত রাজুর বাবা আব্দুর রাজ্জাক জানান, রাত সাড়ে ১২টার দিকে বাসা থেকে কে যেন তার ছেলেকে ফোন করে ডেকে নিয়ে যায়। সকালে খবর পাই পূর্ব মানিকনগরের একটি ভবনের নিচে মৃত অবস্থায় পড়ে আছে রাজু। নিহতের গ্রামের বাড়ি জামালপুরের দেওয়ানগঞ্জ থানার ঝালুরচর গ্রামে। তিনি সাইনবোর্ড নির্মাণের দোকানে কাজ করতেন। বর্তমানে মানিকনগর বালুর মাঠ এলাকায় স্ত্রী ও পাঁচ বছর বয়সি একমাত্র মেয়েকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন।