ট্যুরিজম বিভাগে পড়াশোনা

আপডেট : ১৫ অক্টোবর ২০১৯, ১৮:১০

  আদিল সরকার

 

এইচএসসি পরীক্ষা শেষ করে মাথায় ঘুরপাক খাচ্ছে কি নিয়ে স্নাতক পড়বেন। মা-বাবা, বন্ধু, আত্মীয়-স্বজনসহ আশেপাশের একেক জনের একেক মতামত। সময়ের স্রোতে না ভেসে আপনি পড়তে পারেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সম্ভাবনাময়ী ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে। যা পর্যটন ও সেবাবিষয়ক প্রায়োগিক জ্ঞানের পাঠ। যেটি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসনের অন্তর্ভুক্ত। ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চালু রয়েছে এই বিভাগটি। যেখানে বিবিএ, এমবিএ ও সান্ধ্যকালীন এমবিএ প্রোগ্রাম চালু আছে। তাছাড়া কিছু প্রাইভেট বিশ্ববিদ্যালয়েও আছে এই বিভাগটি। এছাড়াও বাংলাদেশ পর্যটন করপোরেশন ট্যুরিজম ও হোটেল ম্যানেজমেন্ট বিষয়ে ১৮ সপ্তাহের সার্টিফিকেট কোর্স এবং এক ও দুই বছর মেয়াদি ডিপ্লোমা প্রোগ্রাম চালু রয়েছে।

বিশ্বায়নের জোয়ারে চাকরির বাজার শুধু দেশের মধ্যে সীমাবদ্ধ নয়। দেশের বাইরেও রয়েছে পর্যটনকেন্দ্রিক চাকরির সুযোগ। বর্তমানে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড, ভারত, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, পোল্যান্ড, সাইপ্রাসসহ বিভিন্ন দেশে রয়েছে এই বিষয়ে গ্রাজুয়েশন করার সুযোগ। পর্যটনশিল্পের ওপর নির্ভর করে এসব দেশে গড়ে উঠেছে বিভিন্ন হোটেল, মোটেল, রেস্টুরেন্ট, রিসোর্ট, ট্যুর কোম্পানি ও ট্রাভেল এজেন্সি। সম্ভাবনাময় এই বিভাগ নিয়ে ইবির ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি অধ্যাপক ড. মাহবুবুল আরেফিন বলেন, দেশে পর্যটন শিল্পের গুরুত্ব এতই বেশি যে কারণে বাংলাদেশ সরকার ও ইউজিসি বিভিন্ন প্রতিষ্ঠানে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ খুলেছে। এই বিভাগের শিক্ষার্থীরা পড়াশোনা শেষে দেশের প্রত্যেকটি সেক্টরসহ বিদেশেও চাকরির বহু ক্ষেত্র রয়েছে। সেই সঙ্গে স্বপ্নের এই পর্যটনশিল্পের উন্নয়নের মাধ্যমে দেশকে একধাপ এগিয়ে নিয়ে বিশ্বের দরবারে তুলে ধরতে ইবির এই বিভাগের শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি  আশাবাদী।