ধামইরহাটে মাঠ থেকে যুবকের লাশ উদ্ধার

আপডেট : ১৫ অক্টোবর ২০১৯, ১৮:১৬

নওগাঁর ধামইরহাটে আমন ধান ক্ষেতের পাশ থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই যুবকের নাম তোফাজ্জল হোসেন। পুলিশ ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠিয়েছে।

জানা গেছে, মঙ্গলবার উপজেলার আগ্রাদ্বিগুন ইউনিয়নের অন্তর্গত সাংগাইলদিঘী নামক গ্রামের পশ্চিম-উত্তর মাঠের গভীর নলকূপের ড্রেনে একটি লাশ পড়ে থাকতে দেখে এলাকার কৃষকগণ। পরে জানা যায় লাশটি নওগাঁর পত্নীতলা উপজেলার কৃষ্ণপুর গ্রামের মৃত আব্দুল গনির ছেলে তোফাজ্জল হোসেন (৩৫)। লাশের পরণে হাফপ্যান্ট ও গায়ে একটি লুঙ্গি ছিলো। তবে শরীরে কোন আঘাতের চিহৃ ছিলো না। 

তোফাজ্জল হোসেনের পরিবার জানায়, তিনি ঢাকায় বিক্সা চালাতেন। মাঝেমধ্যে বাড়িতে আসেন। সোমবার বিকালে তিনি বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। খবর পেয়ে থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। 

আরও পড়ুন: ফরম পূরণ করতে না পারায় কলেজ শিক্ষার্থীদের আন্দোলন, আটক ১

এ ব্যাপারে ধামইরহাট থানার উপপরিদর্শক মো.সারোয়ার হোসেন বলেন, 'লাশের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে তাকে কেউ শ্বাসরোধ করে হত্যা করেছে। ময়না তদন্তের প্রতিবেদন পাওয়া গেলে হত্যার প্রকৃত রহস্য জানা যাবে। লাশের সঙ্গে নেশা জাতীয় বড়ি ও গ্যাস লাইট পাওয়া গেছে। তার বিরুদ্ধে পত্নীতলা থানায় মামলা রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিলো।

ইত্তেফাক/নূহু