>> মাশরুবা সোহা
একজন আছেন, যিনি গত ১৫ বছর একই প্রতিষ্ঠানে চাকরি করে এক্সিকিউটিভ থেকে হয়েছেন প্রধান মানবসম্পদ কর্মকর্তা; আরেকজনের চিন্তাই ছিল না চাকরি করার, ইন্টার্ন করতে গিয়ে খুলে গেল চোখ তার! এরকম কর্পোরেট ও উদ্যোক্তা নারীদের স্বপ্নজয়ের গল্পের শিরোনাম ‘সাহসী পথযাত্রা’। এর আয়োজক প্রতিষ্ঠান জনপ্রিয় ব্র্যান্ডিং ফার্ম ‘এক্সিলেন্স বাংলাদেশ’।
প্রতিষ্ঠানটির এবারের আয়োজনটি ছিল FIERO Presents ‘সাহসী পথযাত্রা’ Powered By Assist Management Consulting। গত ১১ অক্টোবর সকালে হয়ে যাওয়া দারুণ এই আয়োজনটির গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ কে এম হাসান রিপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিয়েরোর ফাউন্ডার সিইও সৈয়দ ইয়াসির আলম, অ্যাসিস্ট ম্যানেজম্যান্ট কনসাল্টিংয়ের সিইও এবং ফিয়েরোর কো-ফাউন্ডার কায়সার হামিদ, গোল্ড পার্টনার ফারাহ্স ওয়ার্ল্ডের সিইও সামিয়া ফারাহ্। স্বাগত বক্তব্যে এক্সিলেন্স বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা বেনজির আবরার বলেন, ‘এক্সিলেন্স বাংলাদেশ খুবই সম্মানিত বোধ করছে এতজন গুণী কর্পোরেট সেক্টরের সফল নারীকে সম্মাননা জানাতে পেরে। আমাদের আগামীর চলার পথ মসৃণ করতে আমাদের কর্মপরিকল্পনা গোছানো হয়েছে। প্রোগ্রাম টিম, অংশ নেওয়া সবাই এবং সহযোগিতা করা প্রত্যেকটি মানুষকে অনেক ধন্যবাদ।’
গেস্ট অব অনার ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ কে এম হাসান রিপন বলেন, ‘চতুর্থ শিল্প বিপ্লবের জন্য প্রয়োজন দক্ষ মানবসম্পদ। এই বিপ্লবের জন্য নারী ও পুরুষের সমান অংশগ্রহণের বাংলাদেশ নিশ্চিত করা জরুরি।’ বিশেষ অতিথির বক্তব্যে ফিয়েরোর সিইও সৈয়দ ইয়াসির আলম বলেন, ‘ফিয়েরো সবসময়ই তারুণ্যের প্রতিনিধিত্ব করে। এই আয়োজনে পাশে থাকতে পেরে আমরা আনন্দিত।’ বিশেষ অতিথির বক্তব্যে অ্যাসিস্ট ম্যানেজমেন্ট কনসাল্টিংয়ের সিইও কায়সার হামিদ বলেন, ‘আজ যে সফল নারীদের গল্প আমরা শুনতে যাচ্ছি, তাদের প্রতি রইল অনিঃশেষ কৃতজ্ঞতা। আগামীর সোনার বাংলাদেশ গড়ার জন্য কাজ করে যাচ্ছেন এইরকম হাজারো সফল নারী।’
আয়োজনটিতে তিনটি প্যানেলে অতিথি হিসেবে ছিলেন ওমেন অ্যান্ড ই কমার্স ফোরামের (উই) প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট নাছিমা আক্তার নিশা, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিনিয়র অ্যাসিস্টেন্ট ডিরেক্টর আমেনা হাসান, এইচআর প্রফেশনাল আলেয়া পারভীন লীনা, বেস্টসেলারের প্রধান মানবসম্পদ কর্মকর্তা আকলিমা ইয়াসমিন, ডিবিএল গ্রুপের ডেপুটি ম্যানেজার (রিক্রুটমেন্ট) তানিয়া জাহিদ, স্টার সিনেপ্লেক্সের প্রধান মানবসম্পদ কর্মকর্তা লায়লা নাজনীন, দি বিজনেস স্ট্যান্ডার্ডের প্রধান মানবসম্পদ কর্মকর্তা ফারহানা রহমান উর্মী, বি পজেটিভ কমিউনিকেশনসের ফাউন্ডার সেহেলী আজিজ মৌ।
নারীদের গল্পে উঠে আসে তাদের ক্যারিয়ার, প্রতিবন্ধকতা ও স্বপ্ন জয়ের গল্প, ভবিষ্যত্ ভাবনা। পার্টনার হিসেবে পুরো আয়োজনে ছিল বিএসডিআই, ওয়ার্কসফেয়ার স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট। মিডিয়া পার্টনার হিসেবে ছিল পাক্ষিক অনন্যা।
