তিন মাসে ৮ শতাংশ এডিপি বাস্তবায়ন

আপডেট : ১৫ অক্টোবর ২০১৯, ২০:৩৬

ইত্তেফাক রিপোর্ট

চলতি ২০১৯-২০ অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) ৮ দশমিক শূন্য ৬ শতাংশ বাস্তবায়ন হয়েছে। গত বছর একই সময়ে বাস্তবায়ন হয়েছে ৮ দশমিক ২৫ শতাংশ। গতকাল মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে এ তথ্য জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। বাস্তবায়ন হার কমেছে এমন বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, শতাংশে কম হলেও টাকার অংকে বেশি খরচ করা হয়েছে। আগামী মাসে দেখা গেল আবার ঠিক হয়ে গেছে। তিনি জানান, চলতি ২০১৯-২০ অর্থবছরে সেপ্টেম্বর পর্যন্ত এডিপি বাস্তবায়নের হার ৮ দশমিক শূন্য ৬ শতাংশ যা টাকার অঙ্কে ১৭ হাজার ৩৪৪ কোটি টাকা। আগের ২০১৮-১৯ অর্থবছরে একই সময়ে ছিল ৮ দশমিক ২৫ শতাংশ, টাকার অঙ্কে ১৪ হাজার ৯২৭ কোটি টাকা। অর্থাত্ গত অর্থবছরের তুলনায় ২ হাজার ৪১৭ কোটি টাকা বেশি বাস্তবায়ন হয়েছে।

উল্লেখ্য, চলতি অর্থবছরের জন্য ২ লাখ ২ হাজার ৭২১ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারের নিজস্ব তহবিল (জিওবি) থেকে ১ লাখ ৩০ হাজার ৯২১ কোটি টাকা এবং বৈদেশিক সহায়তা থেকে ৭১ হাজার ৮০০ কোটি টাকা ব্যয়ের লক্ষ্য নির্ধারণ রয়েছে। এর বাইরে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর জন্য বরাদ্দ ১২ হাজার ৩৯৩ কোটি টাকা। এডিপিতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে পরিবহন খাতে। আর মন্ত্রণালয় হিসেবে সর্বোচ্চ বরাদ্দ পেয়েছে স্থানীয় সরকার বিভাগ।