এক্সপেরিমেন্টাল থিয়েটারে ‘কথা ৭১’

আপডেট : ১৫ অক্টোবর ২০১৯, ২০:৪১

বিনোদন রিপোর্ট

 

বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও বাংলাদেশ মহিলা সমিতিতে ‘গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উত্সব-২০১৯’ উদযাপিত হচ্ছে। প্রতিদিনই বিভিন্ন আয়োজনের সঙ্গে মঞ্চায়ন হচ্ছে ৪টি নাটক। শিল্পকলার ৩টি ও মহিলা সমিতির একটি হলে মঞ্চায়ন হচ্ছে নাটকগুলো। আজ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মঞ্চায়িত হবে নাট্যদল ‘ঢাকা পদাতিক’-এর প্রযোজনায় নাটক ‘কথা ৭১’। নাটকটির নির্দেশনা দিয়েছেন দেবাশীষ ঘোষ।

‘কথা-৭১’ নাটকে দেখা যায় একজন মুক্তিযোদ্ধা এখনো আত্মযন্ত্রণায় ভুগছেন। কারণ যুদ্ধাপরাধীরা রাষ্ট্রীয় ক্ষমতা দখলের পায়তারা করছে। ওই মুক্তিযোদ্ধা এ জন্য সাধারণ মানুষকে সংগঠিত করার উদ্যোগ নেন। এ ব্যাপারে তিনি কোনো দলের ব্যানারে কাজটি করেন না। একেবারে ব্যক্তিগত উদ্যোগে তিনি যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে মাঠে নামেন। তার বিশ্বাস, এ কাজে অনেকেই অতঃপর এগিয়ে আসবে। এই মুক্তিযোদ্ধা একটি সফল সমাবেশ সম্পন্ন করে বাসায় ফিরে দেখেন তার সন্তান ঘরে উচ্চ শব্দে ইংরেজি গান শুনছে। মুক্তিযোদ্ধা পিতা এ জন্য বিরক্তবোধ করেন। তিনি গান বন্ধ করে দেন। এতে ছেলে ক্ষুব্ধ হয়ে পিতার সঙ্গে তর্কে লিপ্ত হন। পিতা-পুত্রের এই বিতর্কের ভেতর দিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস উঠে আসে। মুক্তিযুদ্ধের শুরুতেই অপারেশন সার্চলাইট নিয়ে পাকিস্তানি আর্মিরা পর্যালোচনার মাধ্যমে গণহত্যার রূপরেখা চূড়ান্ত করে। এ সময় পাকিস্তানি হানাদার বাহিনী বর্বর হামলা পরিচালনার দায়িত্ব নিজেদের মধ্যে ভাগ করে নেয়। শুরু হয় গণহত্যা।