স্পোর্টস রিপোর্টার
ডাবল সেঞ্চুরি পাননি রনি তালুকদার। মোহাম্মদ আশরাফুলও সেঞ্চুরিটাকে অনেক বড় করতে পারেননি। তারপরও রাজশাহীতে বিসিবি উত্তরাঞ্চলের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৪৬৬ রানের ভালো স্কোর গড়েছে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল। প্রতিপক্ষের বড় স্কোরের জবাবে লড়ছে উত্তরাঞ্চল। গতকাল ম্যাচের দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে তাদের সংগ্রহ দুই উইকেটে ১৭৮ রান। ফরহাদ হোসেন ৩৪, নাঈম ইসলাম ১৮ রানে ব্যাট করছেন।
বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) চতুর্থ রাউন্ডে অপর ম্যাচে চট্টগ্রামে বড় সংগ্রহের পথে হাঁটছে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল। গতকাল ওয়ালটন মধ্যাঞ্চলের প্রথম ইনিংস শেষ হয়েছে ২৬১ রানে। পরে চার হাফ সেঞ্চুরিতে পাঁচ উইকেটে ৩০৯ রান তুলে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে দক্ষিণাঞ্চল। রকিবুল হাসান ৫৪ রানে অপরাজিত আছেন।
শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে গতকাল ২ রান যোগ করেই ফিরেছেন রনি তালুকদার। ১৮৫ রান করেন তিনি। আশরাফুল ১৩৬ রানে সানজামুলের শিকার হন। গতকাল শেষ সাত উইকেটে ১১২ রান যোগ করেছে পূর্বাঞ্চল। লোয়ার অর্ডারে তাইজুল ৩৭, তাসামুল ১৯ রান করেন। মধ্যাঞ্চলের ইনিংস দ্রুত শেষ হওয়ার পেছনে বড় অবদান উত্তরাঞ্চলের বাঁহাতি স্পিনার সানজামুলের। ১১৫ রানে পাঁচ উইকেট নেন তিনি। সোহাগ গাজী-এবাদত হোসেন দুটি করে উইকেট পান। ব্যাটিংয়ে নেমে উত্তরাঞ্চলের শুরুটাও খারাপ হয়নি। ৯৮ রানে বিচ্ছিন্ন হয় ওপেনিং জুটি। জুনায়েদ সিদ্দিকী ফিরেন ৫১ রান করে। অধিনায়ক জহুরুল ইসলাম ৬৫ রান করে এনামুল জুনিয়রের শিকার হন। তারপর গতকাল আর বিপদ হতে দেননি ফরহাদ হোসেন ও নাঈম ইসলাম। তারা ৩৫ রানের জুটি গড়ে অবিচ্ছিন্ন থাকেন।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গতকাল শেষ দুই উইকেটে ২৭ রান যোগ করতে সমর্থ হয়েছে মধ্যাঞ্চল। যার মধ্যে ২৫ রানই করেছেন তাইবুর রহমান। শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে তিনি ৬৮ রান করেন। দক্ষিণাঞ্চলের আল-আমিন হোসেন- মেহেদী হাসান তিনটি করে, রাজ্জাক দুটি উইকেট পান।
দিনের প্রথম সেশনে ব্যাটিংয়ে নেমে ৬ রানেই শাহরিয়ার নাফিসের (৪) উইকেট হারিয়েছে দক্ষিণাঞ্চল। তারপর চার ব্যাটসম্যানের হাফ সেঞ্চুরিতে এগিয়েছে দলটির স্কোর। দ্বিতীয় উইকেটে ১৪৬ রানের জুটি গড়েন বিজয় ও ফজলে মাহমুদ। দুজনই আরাফাত সানির শিকার হয়েছেন। বিজয় ৭৭, ফজলে মাহমুদ ৭৪ রান করেন। আল-আমিন জুনিয়র (১৪) সুবিধা করতে না পারলেও পঞ্চম উইকেটে ১৩১ রানের জুটি গড়েন তুষার ইমরান-রকিবুল হাসান। ৭৮ রান করে তুষার ইমরান এলবির ফাঁদে পড়লে শেষ হয় দ্বিতীয় দিনের খেলা। মধ্যাঞ্চলের আরাফাত সানি তিনটি, ইয়াসিন আরাফাত দুটি করে উইকেট পান।
সংক্ষিপ্ত স্কোর
ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল-বিসিবি উত্তরাঞ্চল
পূর্বাঞ্চল: ৪৬৬, ১২০.১ ওভার (রনি তালুকদার ১৮৫, আশরাফুল ১৩৬, তাইজুল ৩৭, তাসামুল ১৯, মাহিদুল ইসলাম অঙ্কন ১০; সানজামুল ৫/১১৫, সোহাগ গাজী ২/৭৪, এবাদত ২/৯৫, ইমরান আলী ১/৬৫)
উত্তরাঞ্চল: ১৭৮/২, ৫৪ ওভার (জহুরুল ৬৫, জুনায়েদ ৫১, ফরহাদ হোসেন ৩৪*, নাঈম ইসলাম ১৮*; এনামুল জুনিয়র ১/১৬, আবু জায়েদ রাহী ১/৩৬)
ওয়ালটন মধ্যাঞ্চল-প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল
মধ্যাঞ্চল: ২৬১, ৯৭.৪ ওভার (তাইবুর রহমান ৬৮, ইয়াসিন আরাফাত ৫, আরাফাত সানি ২*; আল-আমিন হোসেন ৩/৬৭, মেহেদী হাসান ৩/৫০, রাজ্জাক ২/৮০)
দক্ষিণাঞ্চল: ৩০৯/৫, ৮২.১ ওভার (বিজয় ৭৭, ফজলে মাহমুদ ৭৪, আল-আমিন জুনিয়র ১৪, তুষার ইমরান ৭৮, রকিবুল হাসান ৫৪*; আরাফাত সানি ৩/১০৪, ইয়াসিন আরাফাত ২/৪২)
