হাজারী পৌরসভায় খরস্রোতা শঙ্খ নদের ওপর প্রায় ৩০০ মিটার দীর্ঘ দুটি সেতু নির্মাণাধীন। একটি মোটরযান চলাচলের জন্য সড়কসেতু, অপরটি রেল চলাচলের জন্য রেলসেতু। কিন্তু সেতুর পিলারের ১০০ ফুটের ভেতর বালু উত্তোলন চলছে, যা সেতু দুটির জন্য ভবিষ্যতে হুমকির সম্মুখীন হবে এবং নদের দুই পারে শত শত একর আবাদি জমি ও ঘরবাড়ি ভাঙনের মুখে পড়বে। ২০১০ সালে বালু উত্তোলন নীতিমালা অনুযায়ী নদীর তলদেশ থেকে ড্রেজিংয়ের মাধ্যমে বালু উত্তোলন নিষিদ্ধ। সেতুর কাছে তো সম্পূর্ণই নিষিদ্ধ। যদিও ড্রেজিংয়ের মাধ্যমে বালু উত্তোলন করা হয়, তবে সেতু ও কালভার্টের মতো গুরুত্বপূর্ণ স্থাপনার সর্বনিম্ন এক কিলোমিটারের মধ্যে নয়। অথচ প্রশাসনের নাকের ডগায় এই কাজ অবলীলায় চলছে। নির্মাণকারী প্রতিষ্ঠান কাজ শেষ করে চলে যাবে, আর সমূহ ক্ষতির সম্মুখীন হবো আমরাই। তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে বালু উত্তোলন বন্ধ হয়।
শ্রীধর দত্ত, মেলঘর, পটিয়া, চট্টগ্রাম
