ঢাকা উত্তর সিটি করপোরেশনের শেরেবাংলা নগর এলাকার সোহরাওয়ার্দী হাসপাতাল, হূদরোগ ইন্সটিটিউট, কিডনি ইন্সটিটিউট, বক্ষ্যব্যাধি হাসপাতাল, শিশু হাসপাতাল, চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউট ও পঙ্গু হাসপাতালের বাউন্ডারি ওয়ালের বাইরে ও ভেতরে দোকানপাটের কারণে ফুটপাতে হাঁটা যায় না। কারা এসব দোকানের অনুমতি দিয়েছেন তা জানা নেই। এগুলো থেকে ভাড়া বা চাঁদা আদায়ের ব্যাপার না থাকলে তারা নিয়মিত বসতে পারত না। এসব দোকানে রোগী ও সহযোগীদের অতি প্রয়োজনীয় জিনিস থাকে বলে বিক্রিও অনেক বেশি। তদুপরি দামও অধিক। তাদের বক্তব্য, ‘এখানে ব্যবসা করতে অনেক খরচ।’ এই দোকানগুলো যেহেতু রোগীদের উপকারে আসে, তাই হাসপাতালের বাউন্ডারি ওয়ালের কিছু অংশ ছেড়ে দিয়ে কিছু দোকান করে দিলে ব্যবসায়ীরা বৈধভাবে ব্যবসা করতে পারবে, রোগীরা প্রয়োজনীয় জিনিস উচিত মূল্যে পাবে, ফুটপাতের ওপর কোনো দোকান থাকবে না এবং এতদসংশ্লিষ্ট কোনো চাঁদাবাজিও। বিষয়টিকে গুরুত্ব দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মো. রহমত উল্লাহ, তাজমহল রোড, মোহাম্মদপুর, ঢাকা
