কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের কাউনিয়ায় যাত্রাবিরতি চাই

আপডেট : ১৫ অক্টোবর ২০১৯, ২০:৫৯

ঢাকা-কুড়িগ্রাম-ঢাকা রুটের নতুন একটি ট্রেন কুড়িগ্রাম এক্সপ্রেস (আপ ৭৯৭/ডাউন ৭৯৮) আজ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করার কথা। রংপুরের অনতিদূরে অতি জনবহুল আমাদের কাউনিয়া রেলস্টেশনটি ভৌগোলিক নানা দিক দিয়েই গুরুত্বপূর্ণ। শুনেছি টিকেট বিক্রিতে কোনো একসময় দেশসেরা হয়েছিলাম আমরা! বর্তমানে বাংলাদেশ রেলওয়ের ডাবল লাইন সংযোজন রেলওয়ে যোগাযোগব্যবস্থায় নতুন মাইলফলক। কিন্তু দুঃখের বিষয় হলো, যেই কাউনিয়ার ওপর দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষকে রংপুর, বদরগঞ্জ, পার্বতীপুর, দিনাজপুর রুটে যাতায়াত করতে হয়, সেই কাউনিয়া রেলওয়ে স্টেশন জংশনেই নেই কুড়িগ্রাম আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি, ভেবে অবাক হই! অথচ এখানে রংপুর ও লালমনি এক্সপ্রেস আন্তঃনগর ট্রেন দুটির যাত্রাবিরতি থাকে। নতুন ট্রেনটিও এখানে যাত্রাবিরতি দিলে এ অঞ্চলসহ আশেপাশের মানুষ যেমন উপকৃত হবে, তেমনি বেঁচে যাবে আমাদের অনেক মূল্যবান সময়ও। বিষয়টির প্রতি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

বিলকিছ আক্তার

হরিশ্বর, কাউনিয়া, রংপুর