স্পোর্টস রিপোর্টার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আন্তর্জাতিক দাতব্য কার্যক্রমের অংশীদার হয়েছে ইউনিসেফ। গতকাল আন্তর্জাতিক শিশু সংস্থাটির সঙ্গে দুই বছরের জন্য চুক্তি করেছে বিসিবি। চুক্তির শর্ত অনুযায়ী আগামী দুই বছর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের (পুরুষ, নারী, অনূর্ধ্ব-১৯) জার্সিতে শোভা পাবে ইউনিসেফের লোগো।
সমাজের সব স্তরের শিশুদের জন্য খেলাধুলার অধিকার প্রতিষ্ঠার অংশ হিসেবে বিশেষ করে ১৮ বছরের কম বয়সী মেয়েদের প্রতি গুরুত্ব দিয়ে বিসিবির ক্রিকেট উন্নয়ন কার্যক্রমে সহযোগিতা করবে ইউনিসেফ। এই প্রথমবার কোনো আন্তর্জাতিক ক্রিকেটে দলের জার্সিতে দেখা যাবে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফের লোগো।
গতকাল মিরপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে দুই প্রতিষ্ঠানের মাঝে চুক্তি স্বাক্ষর হয়। বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন ও ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি এডওয়ার্ড বেগবেদার চুক্তি স্বাক্ষর করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় দলের তরুণ ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ।
সংবাদ সম্মেলনে ইউনিসেফের প্রতিনিধি বেগবেদার বলেছেন, বাংলাদেশ ক্রিকেটের জনপ্রিয়তার কারণে এই অংশীদারিত্বকে ঘিরে আমাদের উচ্চ আশা রয়েছে। অতীতে বিভিন্ন সময়ে বিসিবি ও ইউনিসেফের মধ্যকার বেশ কিছু সহযোগিতামূলক কার্যক্রম সফল হয়েছে। তবে এই অংশীদারিত্বের আওতায় আমরা ক্রি?কেটের মাধ্যমে অনেক বেশি সুবিধাবঞ্চিত শিশুর কাছে পৌঁছাতে এবং তাদের ক্ষমতায়ন করতে পারবো বলে আশা করি।’
বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেছেন, ‘ক্রিকেটের যে ব্যাপক ইতিবাচক ধারা রয়েছে ইউনিসেফের সঙ্গে এই অংশীদারিত্ব সেটাকে আরও বেগবান করবে এবং আনুষ্ঠানিকভাবে শিশুদের খেলাধুলার অধিকারকে জোরালোভাবে সমর্থন করার মাধ্যমে এটা বিসিবির বিদ্যমান কার্যক্রমগুলোকে আরও বেশি মানবিক করে তুলবে।’
শিশু অধিকার সম্পর্কিত বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য ২০০৬ সাল থেকে বাংলাদেশ বিসিবির পাশাপাশি জাতীয় ক্রি?কেট দলের তারকা খেলোয়াড়দের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে আসছে ইউনিসেফ। বিসিবির মাধ্যমে সংস্থাটি আইসিসির বেশ কিছু আয়োজনেও সম্পৃক্ত ছিল।
