বিশেষ প্রতিনিধি
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যার আসামি অনিক সরকারকে কারাগারের ভেতরে কারারক্ষী বা কারাবন্দিরা আঘাত করেননি বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আবরার ফাহাদ হত্যা মামলায় গ্রেফতার অনিক সরকারকে কারাগারে মারধর করা হয়েছে বলে গত দু’দিন আগে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়। গতকাল মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংবাদটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যথাযথ কর্তৃপক্ষ ও কারা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে।
এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যথাযথ কর্তৃপক্ষ ও কারা অধিদপ্তরের কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল একেএম মোস্তফা কামাল পাশার বক্তব্য- ‘অনিক সরকার গ্রেফতার হওয়ার পর ঢাকা কেন্দ্রীয় কারাগারে পৌঁছলে তাকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে কারা সেলে রাখা হয়। কারা অভ্যন্তরে প্রবেশের পর অনিক সরকার কারারক্ষী বা কারাবন্দি কারো দ্বারাই আঘাতপ্রাপ্ত বা শারীরিকভাবে লাঞ্ছিত হননি। মিডিয়াতে প্রচারিত এমন সংবাদটি সত্য নয়।
উল্লেখ্য, বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের পঞ্চদশ ব্যাচের শিক্ষার্থী অনিক সরকার গত ৬ অক্টোবর হত্যাকাণ্ডের পরপরই গ্রেফতার হন। পরে তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছিল ডিবি পুলিশ। জিজ্ঞাসাবাদ শেষে গত ১২ অক্টোবর অনিক স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর তাকে পাঠানো হয় কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে।
