নবম ওয়েজ বোর্ডের গেজেট কেন বেআইনি নয় :হাইকোর্ট

আপডেট : ১৫ অক্টোবর ২০১৯, ২১:০৬

ইত্তেফাক রিপোর্ট

সংবাদপত্রে নিযুক্ত সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীদের বেতনভাতা নির্ধারণে গঠিত নবম ওয়েজ বোর্ডের প্রকাশিত গেজেট কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। আগামী চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট বিবাদীদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে। সম্পূরক এক আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল মঙ্গলবার এই আদেশ দেয়। আদেশের বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন রিটকারী পক্ষের আইনজীবী মো. ইউসুফ আলী। তিনি বলেন, ‘সকলের মতামতের ভিত্তিতে যে সুপারিশ আসার কথা তার ভিত্তিতে গেজেট প্রকাশ হবে। কিন্তু সকলের মতামত না নিয়েই নবম ওয়েজ বোর্ডের গেজেট প্রকাশিত হয়েছে, যা অবৈধ। আদালত আমাদের শুনানি নিয়ে রুল জারি করেছে।’

গত ১২ সেপ্টেম্বর নবম ওয়েজ বোর্ডের গেজেট প্রকাশিত হয়। তথ্য মন্ত্রণালয়ের সচিব আবদুল মালেক স্বাক্ষরিত ঐ গেজেটে বলা হয়, গেজেট প্রকাশের তারিখ থেকে নবম সংবাদপত্র মজুরি বোর্ড রোয়েদাদ গেজেট কার্যকর হবে এবং পর্যায়ক্রমে অনুসরণযোগ্য। সরকার নবম সংবাদপত্র মজুরি বোর্ড রোয়েদাদ মন্ত্রিসভা কমিটির সুপারিশসহ অনুমোদন করেছে। এই গেজেট প্রকাশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে সম্পূরক আবেদন দাখিল করেন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশনের (নোয়াব) পক্ষে এর সভাপতি দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান।

নবম ওয়েজ বোর্ড চূড়ান্ত করার বিষয়ে মন্ত্রিসভা কমিটির সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে এর আগে রিট করে নোয়াব। ঐ রিটের পরিপ্রেক্ষিতে গত ৬ আগস্ট হাইকোর্ট নবম ওয়েজ বোর্ডের গেজেট প্রকাশের ওপর দুই মাসের স্থিতিবস্থা জারি করে। এছাড়া শ্রম বিধিমালার ১২৮ বিধি অনুযায়ী অংশীজনদের আপত্তি উত্থাপনের সুযোগ না দিয়ে একতরফাভাবে নবম ওয়েজ বোর্ড চূড়ান্তকরণ এবং গেজেট জারির সুপারিশ করে তা সরকারের কছে পাঠানো কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না—তা জানতে চেয়ে রুল জারি করে। সংশ্লিষ্ট মন্ত্রিসভা কমিটির আহবায়ক, তথ্য সচিব, শ্রম সচিব এবং নবম ওয়েজ বোর্ডের চেয়ারম্যানকে চার সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়। পরবর্তীকালে গত ১৯ আগস্ট আপিল বিভাগ হাইকোর্টের স্থিতিবস্থার আদেশ আট সপ্তাহের জন্য স্থগিত করে দেয়। এরপরই সরকার নবম ওয়েজ বোর্ডের গেজেট প্রকাশ করে।