বগুড়া অফিস
বগুড়া সড়ক ও জনপথ বিভাগ শহরের রাস্তার দুই পাশ এবং সারিয়াকান্দির হাট ফুলবাড়িতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে। সোম ও মঙ্গলবার শহরের ফুলবাড়ি এলাকায় সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের সামনে থেকে মাটিডালি বিমান মোড় পর্যন্ত এবং হাট ফুলবাড়িতে নির্মাণাধীন ব্রিজের কাছে ঐ অভিযান চালানো হয়। সওজের যুগ্ম সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান ফারুকীর নেতৃত্বে ও জেলা প্রশাসনের সহযোগিতায় উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
সওজের নির্বাহী প্রকৌশলী আশরাফুজ্জামান জানান, এর আগে শহরের সুবিল ব্রিজ থেকে মাটিডালি পর্যন্ত তিন কিলোমিটার জুড়ে রাস্তার দুই পাশ থেকে স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য মাইকিং ও সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। তা সত্ত্বেও অবৈধ দখলদাররা তাদের স্থাপনা সরিয়ে নেয়নি। তিন কিলোমিটার দীর্ঘ রাস্তার পাশের ৩৫০টি এবং হাট ফুলবাড়িতে ৫০টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে বলে জানান তিনি।
সুবিল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও জেলা আওয়ামী লীগের নেতা আল রাজী জুয়েল বলেন, স্কুলের পাশে অবৈধভাবে স্থাপনাগুলো গড়ে ওঠার কারণে শিক্ষার্থীদের যাতায়াতে সমস্যা হতো। উচ্ছেদ অভিযানের ফলে এখন শিক্ষার্থীরা নির্বিঘ্নে ফুটপাত দিয়ে যাতায়াত করতে পারবে।
