ফুলবাড়ীতে বউমেলা ক্রেতা শুধুই নারী

আপডেট : ১৫ অক্টোবর ২০১৯, ২১:১১

ফুলবাড়ী (দিনাজপুর) সংবাদদাতা

ফুলবাড়ী পৌর এলাকার সুজাপুরে লক্ষ্মীপূজা উপলক্ষ্যে সোমবার বিকেলে বসেছিল ৬০ বছরের ঐতিহ্যবাহী বউমেলা। মেলায় ক্রেতা শুধু নারীরাই।

সরেজমিনে দেখা গেছে, সকাল থেকেই ত্রিপল ও সামিয়ানা টানিয়ে পসরা সাজিয়ে বসেছিলেন দোকানিরা। মেয়েদের প্রসাধনী সামগ্রী মেলার প্রধান উপজীব্য হলেও একই সঙ্গে স্থান পায় ছোটোদের খেলনাসামগ্রী আর গৃহস্থালির নিত্যপ্রয়োজনীয় সামগ্রীসহ রকমারি মুখরোচক খাবার।

মেলায় কেনাকাটা করতে আসা রাহেলা পারভীন, মানতি বর্মণ, স্নিগ্ধা ও সুমিত্রা রানীসহ স্থানীয় নারীরা বলেন, লক্ষ্মীপূজা উপলক্ষ্যে প্রতিবছরই বউমেলার আয়োজন করা হয়। মেলায় শুধু নারীরাই ক্রেতা, আবার অনেক দোকানে নারীরাই বিক্রেতা হওয়ায় নির্বিঘ্নে ঘুরে বেড়ানোসহ কেনাকাটা করা যাচ্ছে। এ যেনো অন্যরকম আনন্দ।

মেলার আয়োজক সুজাপুর সর্বজনীন দুর্গা মন্দির পরিচালনা কমিটির সভাপতি অশেষ রঞ্জন দাস, সহসভাপতি স্বপন সরকার, সাধারণ সম্পাদক গৌর চন্দ্র সরকার ও সাবেক সাধারণ সম্পাদক সুজন সরকার বলেন, লক্ষ্মীপূজা উপলক্ষ্যে দীর্ঘ ৬০ বছর ধরে আয়োজন করা হচ্ছে বউমেলার। মেলাটি জমিদার ভীমল বাবুর সময় থেকে শুরু হয়। তিনি লক্ষ্মীপূজার পরদিন এই মেলার আয়োজন করেছিলেন, তখন থেকে আজও মেলাটি চলমান রয়েছে। মেলাটি শুধু নারীদের জন্যই। তাই মেলায় পুরুষের প্রবেশ নিষেধ।