মৌলভীবাজার প্রতিনিধি
‘সকলের জন্য উন্নত স্যানিটেশন, নিশ্চিত হোক সুস্থ জীবন’—স্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারে জাতীয় স্যানিটেনশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার সকালে জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে স্যানিটেশন মেলায় এসে এক পথ সভায় মিলিত হয়। জেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সোহরাব উদ্দিন আহমেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন। বক্তব্য রাখেন পৌর মেয়র মো. ফজলুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ রোকন উদ্দিন, ব্র্যাকের জেলা প্রতিনিধি আরিফুর রহমান, ব্র্যাক ওয়াশ কর্মসূচি জেলা ব্যবস্থাপক সুলতানা আক্তার প্রমুখ।
এ সময় শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সামনে হাত ধোয়ার নিয়ম প্রদর্শন করা হয়। পরে একদিনের স্যানিটেশন মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন।
ছাতক (সুনামগঞ্জ) : মঙ্গলবার সকালে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে স্যানিটেশন মাস ও হাত ধোয়া দিবস উপলক্ষ্যে শোভাযাত্রা, আলোচনা সভা, আনুষ্ঠানিকভাবে হাত ধোয়া ও উপজেলা পরিষদ চত্বর পরিষ্কার-পরিছন্ন এবং এ উপলক্ষ্যে আয়োজিত কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শোভাযাত্রা শেষে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম কবিরের সভাপতিত্বে ও ইউআরসি ইনসট্রাক্টর মোস্তফা আহসান হাবীবের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান।
