বাসমালিক সমিতির অফিস সিলগালা
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা কেন্দ্রীয় বাস টার্মিনাল দখল নিয়ে মঙ্গলবার সকালে মালিকপক্ষের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় উভয়পক্ষের পাঁচ জন আহত হয়।
জানা গেছে, মালিক সমিতির সর্বশেষ আহবায়ক অধ্যাপক আবু আহমেদের নেতৃত্বে সকালে শ্রমিকরা টার্মিনালে গেলে বর্তমানে দখলে থাকা অনির্বাচিত সভাপতি সাইফুল করিম সাবু ও তার সদস্যদের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় উভয়পক্ষের পাঁচ জন আহত হয়। পরে সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার ইলতুিমশের নেতৃত্বে পুলিশ টার্মিনালে উভয়পক্ষকে ছত্রভঙ্গ করে দেন।
অপরদিকে, সাতক্ষীরা জেলা প্রশাসকের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল মোল্যা টার্মিনালের অফিসকক্ষ সিলগালা করে দেন। সাতক্ষীরার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে।
তিনি পুলিশ সুপারের বরাত দিয়ে জানান, নির্বাচন না হওয়া পর্যন্ত মালিক সমিতির অফিস সাতক্ষীরা জেলা প্রশাসনের নিয়ন্ত্রণে থাকবে। নির্বাচনের পর বিজয়ীদের কাছে সমিতির কার্যালয় হস্তান্তর করা হবে। সে অনুযায়ী সমিতির কার্যালয়ে তালা লাগিয়ে দেওয়া হয়েছে।
বাসমালিক সমিতির আহবায়ক অধ্যাপক আবু আহমেদ জানান, গত ৬ এপ্রিল মালিক সমিতির সাধারণ সভায় নির্বাচনের তপশিল ঘোষণা করা হয়। এর পরদিন ১৫ সদস্যের একটি কমিটি ঘোষণা করা হয় এবং ঐ কমিটি টার্মিনাল দখলে নেয়।
তিনি আরো জানান, সাইফুল করিম সাবুর নেতৃত্বাধীন ঐ কমিটি কোনো কারণ ছাড়াই বিভিন্ন মালিকদের বাস চলাচল বন্ধ করে দেন। তবে, সাইফুল করিম সাবু সমর্থকরা জানান, আবু আহমেদের নেতৃত্বেই ১০/১২ জন এই হামলা করেছে। হামলায় সাইফুল করিম সাবুসহ তাদের পক্ষের তিন জন আহত হন।
