কেশবপুরে ১৩ বস্তা সরকারি চাল জব্দ

আপডেট : ১৫ অক্টোবর ২০১৯, ২১:১৪

কেশবপুর (যশোর) সংবাদদাতা

উপজেলার মাগুরখালী বাজারের একটি আড়ত থেকে দরিদ্রদের জন্য ১০ টাকা দরে বিক্রির জন্য ৩৯০ কেজি (১৩ বস্তা) সরকারি চাল জব্দ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে সোমবার রাতে তথ্যপ্রযুক্তি অধিদপ্তরের উপজেলা সহকারী প্রোগ্রামার মো. আব্দুস সামাদ মাগুরখালী বাজারের আব্দুল কুদ্দুসের আড়ত থেকে ঐ চাল জব্দ করেন। 

কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানূর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাগুরখালী বাজারের আব্দুল কুদ্দুসের আড়তে অভিযান পরিচালনা করা হয়। এ সময় আড়তমালিক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। মঙ্গলকোট ইউনিয়নের চালের ডিলার রুস্তম আলী (লাল্টু) ১৩ বস্তা চাল কালোবাজারে আব্দুল কুদ্দুসের কাছে বিক্রি করে দেয় বলে জানা গেছে।

কালোবাজারে চাল বিক্রি ও ক্রয়ের অভিযোগে মাগুরখালী বাজারের আড়তদার ব্যবসায়ী আব্দুল কুদ্দুস ও ডিলার রুস্তম আলির বিরুদ্ধে কেশবপুর থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।