মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা
মুরাদনগরে দাফনের চার মাস পর কবর থেকে গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে গৃহবধূ লাইলী আক্তারের (২৫) লাশ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মুরাদনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম কমলের উপস্থিতিতে উত্তোলন করে সদর উপজেলার দিলালপুর কুমিল্লা পুলিশ ব্যুারো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
মামলার অভিযোগ ও পুলিশ জানায়, পারিবারিক কলহের জের ধরে গত ২০ মে উপজেলার পৈয়াপাথর গ্রামের হারুনুর রশীদের ছেলে রুবেল মিয়া (২৮) তার দুই ভাইসহ কয়েকজনকে নিয়ে স্ত্রী লাইলীকে মারধর ও গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়। এ সময় তার চিত্কারে আশপাশের লোকজন এসে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যালের কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়। সেখানে গত ২৬ মে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করে ঘাতকরা। এ ব্যাপারে লাইলীর মা জামিলা খাতুন গত ৭ জুলাই আদালতে হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকর্তা ও কুমিল্লা পুলিশ ব্যুারো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ইন্সপেক্টর মোহাম্মদ হিলাল উদ্দিন বলেন, আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য লাইলী আক্তারের লাশ উত্তোলন করা হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন প্রধান ঘাতক রুবেল মিয়াকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে।
