সম্মান ফিরে পেল জিম্বাবুয়ে

আপডেট : ১৫ অক্টোবর ২০১৯, ২১:৩০

স্পোর্টস ডেস্ক

ঘোরতর দুঃসময়ের মধ্য দিয়ে যাচ্ছিল জিম্বাবুয়ের ক্রিকেট। তবে সেই দুঃসময়ের অবসান হলো। আইসিসির সদস্যপদ ফিরে পেল আফ্রিকান এই দেশ। দুবাইয়ে অনুষ্ঠিত আইসিসির বোর্ড সভা শেষে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।

এর অর্থ হলো, এখন আইসিসির যেকোনো ইভেন্টে অংশ নিতে আর কোনো বাধা নেই দলটির। ফলে আগামী জানুয়ারিতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ও ২০২০ সালে আইসিসি সুপার লিগে অংশ নেওয়ার ব্যাপারে দেশটির নিষেধাজ্ঞা কেটে গেল। এ বৈঠকে উপস্থিত ছিলেন আইসিসির চেয়ারম্যান শশাঙ্ক মনোহর, জিম্বাবুয়ে ক্রিকেটের (জেডসি) চেয়ারম্যান টাভেঙ্গা, জিম্বাবুয়ের ক্রীড়ামন্ত্রী ক্রিস্টি কভেন্ট্রি, স্পোর্টস ও রিক্রিয়েশন কমিশনের চেয়ারম্যান জেরাল্ড ম্লোটশয়া।

যদিও আইসিসি জানিয়েছে, এখন থেকে জিম্বাবুয়ে ক্রিকেটকে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা অনুদান দেবে নিয়ন্ত্রিত কায়দায়। বৈঠক শেষে এক বিবৃতিতে আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহর বলেন, ‘জিম্বাবুয়ে ক্রিকেটকে আবারও আগের অবস্থা প্রতিষ্ঠিত করার লক্ষ্যে দেশটির ক্রীড়ামন্ত্রী নিজের প্রতিশ্রুতির কথা আমাদের জানিয়েছেন। তাকে ধন্যবাদ জানাই। জিম্বাবুয়ের ক্রিকেটের জন্য কাজ করার ব্যাপারে তার সদিচ্ছা স্পষ্ট ছিল। আইসিসি বোর্ড যে শর্তগুলো দিয়েছিল, তিনি সেগুলো শর্তহীনভাবে পূরণ করেছেন। ফলে তাদের নিষেধাজ্ঞা আমরা তুলে নিয়েছি।’

গত জুলাইয়ে দেশের ক্রিকেট বোর্ডের পরিচালনা ও প্রশাসনে সরকারের হস্তক্ষেপের অভিযোগে স্থগিত করা হয়েছিল জিম্বাবুয়ের সদস্যপদ। স্থগিতাদেশের কারণে জিম্বাবুয়ের ক্রিকেটে আইসিসির সব ধরনের অনুদান বন্ধ ছিল। আইসিসির ইভেন্টে অংশ নেওয়ার ব্যাপারেও জিম্বাবুয়ের নিষেধাজ্ঞা ছিল।

একই দিনে সুসংবাদ পেয়েছে নেপালও। তিন বছর পর আবারও আইসিসির সদস্যপদ ফিরে পেয়েছে দলটি। চলতি মাসের শুরুতে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপালের নির্বাচনের পরই আইসিসি সদস্যপদ ফিরে পাওয়ার দ্বার উন্মুক্ত হয় নেপালের সামনে। এর আগে বোর্ড পরিচালনায় সরকারের হস্তক্ষেপ না থাকার বিষয়টি নিশ্চিত করতে না পারায় ২০১৬ সালে তাদের বহিষ্কার করেছিল আইসিসি।