প্রথম আসরেই আয়োজক বাংলাদেশ

আপডেট : ১৫ অক্টোবর ২০১৯, ২১:৩০

শুরু হচ্ছে অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপ

 স্পোর্টস রিপোর্টার

ভারতীয় ক্রিকেট বোর্ডের একরকম আপত্তির মুখেই আইসিসি সিদ্ধান্ত নিয়েছে, তারা বৈশ্বিক ইভেন্টের সংখ্যা আরো বাড়াবে। গত সোমবার দুবাইতে অনুষ্ঠিত আইসিসির বোর্ড সভায় ঠিক হয়েছে, এখন থেকে প্রতি বছর ছেলে ও মেয়েদের একটা করে বড়ো টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। পাশাপাশি মেয়েদের জন্য তারা চালু করতে যাচ্ছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। আর ২০২১ সালে এই নতুন টুর্নামেন্টের প্রথম আসর অনুষ্ঠিত হবে বাংলাদেশে।

আইসিসি জানিয়েছে, ২০২৩ সাল থেকে শুরু হতে যাওয়া আট বছরের চক্রে প্রতি বছর তারা একটি করে বড়ো টুর্নামেন্ট আয়োজন করবে। এ ছাড়া ছেলে ও মেয়েদের চারটি করে যুব টুর্নামেন্ট হবে আট বছরে। মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ হবে প্রতি দুই বছরে একবার।

এত বেশি বৈশ্বিক টুর্নামেন্ট করার পক্ষে যুক্তি দিতে গিয়ে আইসিসির চেয়ারম্যান শশাঙ্ক মনোহর বলেছেন, ‘অনেক রকম উপায় নিয়ে গবেষণা করার পর বোর্ড মনে করেছে, প্রতি বছর ছেলে ও মেয়েদের একটা করে টুর্নামেন্ট আমাদের ক্যালেন্ডারে আরো ধারাবাহিকতা আনবে। এতে আমাদের খেলা একটা দৃঢ় ভিত্তি পাবে। এতে খেলাটা একটা পরিষ্কার কাঠামো পাবে এবং আমাদের বিভিন্ন অংশীদারকে সম্পৃক্ত হওয়ার আরো সুযোগ করে দেবে। এই আয়োজনগুলোর জন্য বিডিংয়ের জন্য আইসিসির সব সদস্য সমান সুযোগ পাবে।’

অনূর্ধ্ব-১৯ মেয়েদের বিশ্বকাপের প্রথম আয়োজক হচ্ছে বাংলাদেশ। আর ২০২৩ সাল থেকে শুরু হওয়া চক্রের জন্য বিডিং প্রক্রিয়া শুরু হবে ২০২০ সাল থেকে।

মেয়েদের ক্রিকেটে আরেকটা বড়ো ব্যাপার হচ্ছে, আইসিসি মেয়েদের প্রতিটা ইভেন্টে পুরস্কারে অর্থের পরিমাণ বাড়াচ্ছে। ২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে জয়ী দল ১ মিলিয়ন মার্কিন ডলার পাবে এবং রানার্সআপ দল ৫ লাখ মার্কিন ডলার পাবে। এটা গত আয়োজনের তুলনায় ৩২০ শতাংশ বেশি। ২০২১ সালের মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে ৩.৫ মিলিয়ন ডলার পুরস্কার দেওয়া হবে। ২০১৭ সালে ১.৫ মিলিয়ন ডলার পুরস্কার দেওয়া হয়েছিল।