উত্তীর্ণ ৪৯ হাজার ৪১৩ জন এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

আপডেট : ১৫ অক্টোবর ২০১৯, ২২:২০

২০১৯-২০ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মেডিক্যাল কলেজে এমবিবিএস কোর্সের প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকাল ৪টায় ফলাফল প্রকাশিত হয়। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৪৯ হাজার ৪১৩ জন। এদের মধ্যে মেয়ে ২৬ হাজার ৫৩১ জন, আর ছেলে ২২ হাজার ৮৮২ জন।

চলতি বছরের এমবিবিএস পরীক্ষায় ৯০.৫ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেছেন একজন ছেলে। মেয়েদের মধ্যে যিনি প্রথম হয়েছেন, তার নম্বর ৮৯.৬৭। দেশের সরকারি মেডিক্যাল কলেজগুলোয় ভর্তি প্রক্রিয়া শুরু হবে ২২ অক্টোবর, আর শেষ হবে ৩১ অক্টোবর। সরকারি মেডিক্যালে ভর্তি শেষ হওয়ার পর বেসরকারি মেডিক্যালগুলোতে ভর্তি শুরু হবে।

মঙ্গলবার বিকালে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে এই ফল ঘোষণা করেন অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ। ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা মেধা তালিকার ভিত্তিতে ৩৬টি সরকারি মেডিক্যাল কলেজে ৪ হাজার ৬৮ আসনে ভর্তির সুযোগ পাবে। বাকিরা পরে ৭০টি বেসরকারি মেডিক্যাল কলেজে ৬ হাজার ৩৩৬ আসনে ভর্তি হতে পারবে। ফল ঘোষণার সময় জানানো হয়, বিকাল ৫টা থেকে স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে (http://result.dghs.gov.bd/) ফল প্রকাশ করা হবে। গত ১১ অক্টোবর সারা দেশে একযোগে এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় সরকারি ও বেসরকারি মেডিক্যালে ১০ হাজার ৪০৪ আসনের বিপরীতে অংশ নেন ৬৯ হাজার ৪০৫ জন।