জাবিতে আন্দোলনকারীদের পদযাত্রা ও সমাবেশ

আপডেট : ১৬ অক্টোবর ২০১৯, ০০:২৩

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধিকতর উন্নয়ন প্রকল্পে দুর্নীতির অভিযোগে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামকে অপসারণের দাবিতে পদযাত্রা ও সমাবেশ করেছে আন্দোলনকারীরা। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ও দুর্গাপূজার ছুটি শেষে গতকাল ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে আবারও আন্দোলন শুরু করেন আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীরা। দুপুরে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ প্রাঙ্গণ থেকে পদযাত্রা শুরু করেন তারা। পদযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের কয়েকটি সড়ক, অনুষদ ভবন ও পুরাতন প্রশাসনিক ভবন প্রদক্ষিণ করে নতুন প্রশাসনিক ভবনের সামনে গিয়ে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারের সমন্বয়ক অধ্যাপক রায়হান রাইন বলেন, ‘উপাচার্যের অপসারণ দাবি করে আমরা আচার্যকে চিঠি দিয়েছিলাম। কিন্তু দুঃখের সঙ্গে লক্ষ্য করছি আচার্য এখন পর্যন্ত আমাদের চিঠির কোনো উত্তর দেননি। বরং আমাদের চিঠির বিপরীতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিস থেকে প্রতিউত্তর করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিস তার নিয়মিত কাজ না করে এটা করে যাচ্ছে। তিনি আরো বলেন, উপাচার্যকে রক্ষার জন্য নতুন করে একটি সংগঠন গড়ে তোলা হচ্ছে। এই সংগঠন করার উদ্দেশ হলো উপাচার্যের অন্যায়গুলো ঢেকে দেওয়া। তারা সবাই উপাচার্যপন্থি। ’

‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’-এর অন্যতম সংগঠক মাহাথির মোহাম্মদ বলেন, ‘উপাচার্য ভারপ্রাপ্ত ব্যক্তিদের দিয়ে বিশ্ববিদ্যালয়কে ভারাক্রান্ত করে তুলছেন। বিশ্ববিদ্যালয়কে স্বৈরাচারী কায়দায় পরিচালনার জন্য উপাচার্য সবাইকে ভারপ্রাপ্ত করে রেখেছেন। তিনি শুরু থেকেই অতীতের সকল ইতিহাস ভঙ্গ করে বিশ্ববিদ্যালয় পরিচালনা করছেন। ২০১৭ সালে শিক্ষার্থীদের নামে মামলা ও গ্রেফতার করে তিনি সেই দৃষ্টান্ত রেখেছেন। ’

উপাচার্যপন্থিদের নতুন প্ল্যাটফরম

এদিকে দুপুরে বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের শিক্ষক লাউঞ্জে সংবাদ সম্মেলনের মাধ্যমে যাত্রা শুরু করে উপাচার্যপন্থিদের নতুন প্ল্যাটফরম ‘অন্যায়ের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’। পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক এ এ মামুনকে সমন্বয়ক ও পরিসংখ্যান বিভাগের অধ্যাপক আলমগীর কবিরকে মুখপাত্র করে এ প্ল্যাটফরম ঘোষণা করা হয়। উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামকে অপসারণের দাবিকে ষড়যন্ত্রমূলক আখ্যা দিয়ে এ প্ল্যাটফরম গড়ে তুলেছেন বলে জানান তারা। দাবি আদায়ের জন্য কর্মসূচিও ঘোষণা করেছেন তারা।

তাদের কর্মসূচির মধ্যে রয়েছে, আজ বুধবার মৌন মিছিল ও সংহতি সমাবেশ, বৃহস্পতিবার শহিদ মিনারে মোমবাতি প্রজ্বালন ও সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক অজিত কুমার মজুমদার, অধ্যাপক এ কে এম শাহনেওয়াজ, অধ্যাপক নইম সুলতান, অফিসার সমিতি, কর্মচারী সমিতি ও কর্মচারী ইউনিয়নের সভাপতি-সম্পাদকসহ প্রায় ৩০ জন শিক্ষক উপস্থিত ছিলেন।