নিতে হবে সঠিক সিদ্ধান্ত

আপডেট : ১২ ডিসেম্বর ২০১৮, ২১:৪৯

বারো মাসে তেরো পার্বণের দেশে আরো একটি জমজমাট উত্সব সম্ভবত ভোট। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশজুড়ে উত্সবের পরিবেশ বিরাজ করছে। রাজনৈতিক মতাদর্শগত ভিন্নতা সত্ত্বেও দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে সুষ্ঠু নির্বাচনের জন্য কাজ করার মনোভাব তৈরি হয়েছে। এর মধ্যে নির্বাচনের সিডিউল ঘোষিত হয়েছে। তাই নির্বাচনকেন্দ্রিক উত্সবে সেজেছে গ্রাম-বাংলা। এখন যে কোনো নির্বাচনী এলাকায় দেখা যায় মাঠে-ঘাটে চায়ের দোকানে নির্বাচন নিয়ে আলাপচারিতা। সব দল নির্বাচনে অংশ নিচ্ছে। নির্বাচনী উত্সবী আমেজ যেমন রয়েছে, তেমনি আছে উত্কণ্ঠাও। নির্বাচন পূর্ব ও পরবর্তী সহিংস ঘটনা সব সময় কিছু না কিছু ঘটেই। তাই নির্বাচন পূর্ব ও পরবর্তী সময়ে সহিংস ঘটনা যাতে না ঘটে সেদিকে প্রশাসনকে সজাগ থাকতে হবে। দেশের মানুষ এখন অনেক শান্তিতে আছে। গ্রামে-গঞ্জে আগের মতো রাজনৈতিক হানাহানি নেই। বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নতি এখন দৃশ্যমান। অর্থনৈতিক মুক্তির স্বাদ বাংলাদেশের মানুষ পেতে শুরু করেছে। এবার নেতা নির্বাচন করতে ভুল করলে থেমে যেতে পারে দেশের অর্থনীতির গতিপ্রবাহ। সাম্প্রদায়িক সম্প্রীতি ও দেশের অর্থনীতি সঠিক পথে এগিয়ে নিতে কোন পক্ষকে জয়ী করতে হবে, দ্রুত সিদ্ধান্তে আসতে হবে আমাদের।

মোহাম্মদ তোফাজ্জল হোসেন

পল্লবী, ঢাকা