বড়পুকুরিয়া খনির কয়লা আত্মসাত্ মামলা

সাবেক ৭ এমডিসহ ২৩ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ

আপডেট : ১৬ অক্টোবর ২০১৯, ০০:৩৮

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনিতে ১ লাখ ৪৩ হাজার ৭২৭.৯৯ টন কয়লা (যার আনুমানিক মূল্য ২৪৩ কোটি ২৮ লাখ টাকা) আত্মসাতের অভিযোগে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের সাবেক সাত ব্যবস্থাপনা পরিচালকসহ (এমডি) ২৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেছে আদালত। একই সঙ্গে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার দিনাজপুর সিনিয়র স্পেশাল জজ আজিজ আহমদ ভূঞা মামলার অভিযোগপত্র গ্রহণ বিষয়ে শুনানি শেষে এই আদেশ দেন। দুর্নীতি দমন কমিশন দিনাজপুর সমন্বিত জেলা কার্যালয়ের আইনজীবী অ্যাডভোকেট এম. আমিনুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শুনানি শেষে বিচারক বড়পুকুরিয়ার সাবেক সাত এমডিসহ ২৩ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন। এছাড়া তদন্তে ঘটনার সঙ্গে জড়িত না থাকায় তদন্তকারী কর্মকর্তার প্রতিবেদন মোতাবেক পাঁচ কর্মকর্তাকে মামলার দায় থেকে অব্যাহতির আদেশ দেওয়া হয়েছে।