হালের একজন প্রতিশ্রুতিশীল মডেল, নৃত্যশিল্পী ও অভিনেত্রী হিসেবে আশনা হাবিব ভাবনাকে সবাই চেনেন। সবসময়ই চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করতে পছন্দ করেন এই প্রতিভাময়ী অভিনেত্রী। তার বর্তমান কাজের খবর জানাচ্ছেন লোপা চৌধুরী
নাটকের গল্প ও নিজের চরিত্র পছন্দ না হলে ভাবনাকে সাধারণত অভিনয়ে দেখা যায় না। মাতিয়া বানু শুকুর চিত্রনাট্যের প্রতি ভাবনার একটু অন্যরকম ভালোলাগা রয়েছে। শুকুর চিত্রনাট্যে ও মো. রবিউল শিকদারের পরিচালিত ‘মাপকাঠি’ নাটকে ‘তিশীতা’ নামক একটি চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করেছেন। সম্প্রতি রাজধানীর বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্যায়নের কাজ শেষ হয়েছে। এতে ভাবনার বিপরীতে অভিনয় করেছেন নবাগত সামস উদ্দিন চৌধুরী। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে ভাবনা বলেন, ‘মূলত মাপকাঠি নাটকে অভিনয়ের জন্য শুকু আপাই আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন। কারণ তার চিত্রনাট্যের প্রতি আমার একটা অন্যরকম ভালোলাগা কাজ করে সবসময়। রবি যেহেতু আপার সহকারী হিসেবে দীর্ঘদিন কাজ করেছে এবং তাকে আমি ভীষণ স্নেহ করি, তাই তার পরিচালনায় কাজটি করেছি। সে আমাদের ভাই, চেষ্টা করেছে যত্ন নিয়ে নাটকটি নির্মাণ করতে। তবে এটা সত্যি কিছু কিছু নির্মাতার নির্দেশনার ক্ষেত্রে শিল্পীদেরও এগিয়ে আসা উচিত। তাতে হয়তো একদিন নতুনরাই নির্মাণে মেধার স্বাক্ষর রাখতে পারবে।’ নাটকটি নির্মাণ প্রসঙ্গে পরিচালক মো. রবিউল শিকদার বলেন, ‘এখন নাটক নির্মাণে নির্মাণের কোনোরকম ব্যাকরণই ব্যবহার করা হচ্ছে না। যে যার মতো যেভাবে খুশি নাটক রচনা করছেন, নির্মাণ করছেন। তাতে আমাদের এই শিল্প ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। এখনই প্রতিরোধ করে যথাযথভাবে নাটক নির্মাণে পরিচালকদের উদ্যোগী হতে হবে। আমি এই নাটকটি নির্মাণের ক্ষেত্রে চেষ্টা করেছি নির্মাণের ব্যাকরণ মেনে, জেনে, বুঝে কাজ করতে। ভাবনা আপাও আমাকে দারুণ সহযোগিতা করেছেন।’ ‘মাপকাঠি’ নাটকটি শিগগিরই একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচারিত হবে। ভাবনা নজরুল ইসলাম রাজুর ‘ঘুমন্ত শহরে’, এসএ হক অলিকের ‘জায়গির মাস্টার’ ধারাবাহিকে নিয়মিত অভিনয় করছেন। নাটকদুটি প্রচারিত হচ্ছে যথাক্রমে মাছরাঙা টিভি ও বাংলাভিশনে। এছাড়াও নতুন ধারাবাহিক ‘গোল্লাছুট’-এ অভিনয় করছেন তিনি। ভাবনার লেখা দুটি বই প্রকাশিত হয়েছে। একটি ‘তারা’ ও অন্যটি ‘গুলনেহার’। ভাবনা অভিনীত প্রথম চলচ্চিত্র ছিল অনিমেষ আইচ পরিচালিত ‘ভয়ংকর সুন্দর’। এতে ভাবনার বিপরীতে অভিনয় করেন পরমব্রত। এ ছবিতে অসাধারণ অভিনয়ের জন্য ভাবনা সর্বমহলে প্রশংসিত হয়েছেন।
