সেরা সুন্দরীর সন্ধানে

আপডেট : ১৬ অক্টোবর ২০১৯, ১৮:১৩

প্রতিবছরের মতো এবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা। লন্ডনে বসবে সুন্দরীদের মেলা। বিশ্বের নানা প্রান্ত থেকে আসা সেরা সুন্দরীরা অংশ নেবেন এতে। সবার মধ্য থেকে বাছাই হবে ২০১৯ সালের বিশ্বসুন্দরী।এখানে অংশ নিতে প্রস্তুত বাংলাদেশ। এরই মধ্যে নির্বাচন করা হয়েছে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৯। গত ১১ অক্টোবর আয়োজক প্রতিষ্ঠান অমিকন এন্টারটেইনমেন্ট রাজধানীর সোনারগাঁও হোটেলে জমকালো আয়োজনের মাধ্যমে রাফাহ নানজিবা তোরসার মাথায় সেরা সুন্দরীর মুকুট তুলে দিয়েছে। এবারে প্রথম রানার আপ হয়েছেন ফাতিহা মিয়ামি ও দ্বিতীয় রানার আপ হয়েছেন জান্নাতুল ফেরদৌস মেঘলা। এই তিন সুন্দরীসহ সেরা ১২-এর কয়েকজন প্রতিযোগীদের নিয়ে গত ১৪ অক্টোবর একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। রাজধানী গুলশানের ইমানুয়েলস হলে আয়োজিত এ সম্মেলনে সুন্দরীরা তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। সেই সঙ্গে মিস ফটোজেনিক সাদিকা আজিজ ও মিস বিউটি উইথ পারপাস নওশিন মিমের নাম ঘোষণা করা হয়। তাদের ক্রাউন পরিয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এক্সপার্ট প্রোভাইডারের চেয়ারম্যান মোজেদা রহমান, অমিকন গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মেহেদী হাসান। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন এক্সপার্ট প্রোভাইডারের ব্যবস্থাপনা পরিচালক অপু খন্দকার, চিত্রপরিচালক দেবাশীষ বিশ্বাসসহ সেরা ১২-এর সুন্দরীরা।

অনুষ্ঠানে নিজের বক্তব্যে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ রাফাহ নানজিবা তোরসা বলেন, ‘আমি খুবই আনন্দিত এরকম একটি মঞ্চে বিজয়ী হয়ে। সবার দোয়া ও ভালোবাসা চাই যেন বিশ্বসুন্দরীর মঞ্চে সাফল্য বয়ে আনতে পারি।’

মিস বিউটি উইথ পারপাস নির্বাচিত হয়ে নওশিন মিম বলেন, ‘প্রথমেই বিজয়ী তোরসাকে অভিনন্দন জানাই। আশা করি, তার হাত ধরে আমরা ভালো কিছু পাব। আর মিস ওয়ার্ল্ডের অভিজ্ঞতা ছিল দারুণ। অনেক কিছু শিখেছি এখান থেকে। একটা প্ল্যাটফর্ম পেয়েছি। সেটাকে কাজে লাগাতে চাই।’ অমিকন গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মেহেদী হাসান জানান, মিস ওয়ার্ল্ড আসছে ডিসেম্বরে লন্ডনে বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় অংশ নেবেন। তার ভিসা তৈরির কাজ চলছে। অন্যদিকে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী হওয়া সুন্দরীরা অংশ নেবেন নানা রকম চ্যারিটি শোতে।

 

০০০

 

 

 

মিস ইউনিভার্স বাংলাদেশ-এর ক্রাউন উন্মোচন অনুষ্ঠানে তাহসান খান, কানিজ আলমাস,

রোকেয়া সুলতানা ও শীর্ষ ১০ প্রতিযোগী

গুলশানের আমিশে ফাইন জুয়েলারি ফ্ল্যাগশিপ স্টোরে অনুষ্ঠিত হয়েছে মিস ইউনিভার্স বাংলাদেশ-এর ক্রাউনের (টিয়ারা) উন্মোচন। ক্রাউন উন্মোচন করেন মিস ইউনিভার্স বাংলাদেশের বিচারক তাহসান খান, কানিজ আলমাস, আমিশের বিজনেস প্রধান রোকেয়া সুলতানা, মিস ইউনিভার্স বাংলাদেশের চেয়ারম্যান রিজওয়ান বিন ফারুক ও মিস ইউনিভার্স বাংলাদেশের শীর্ষ ১০ প্রতিযোগী। তাহসান খান বলেন, ‘মিস ইউনিভার্স বাংলাদেশের প্রথম সংস্করণের অংশ হতে পেরে আমি খুব উচ্ছ্বসিত। বিগত ১২ বছর ধরে বিভিন্ন সুন্দরী প্রতিযোগিতার সঙ্গে জড়িত ছিলাম। অত্যন্ত আনন্দের সঙ্গে বলতে পারি যে, এরা আজ অবধি আমার দেখা সেরা ১০ প্রতিযোগী। তাদের শুভ কামনা করছি।’ ‘আমিশের জন্য এটি একটি আনন্দের মুহূর্ত। মিস ইউনিভার্স প্রতিযোগিতা হলো আমাদের ব্র্যান্ডের জন্য একটি পূর্ণাঙ্গ ইভেন্ট। এটি এমন একটি ব্র্যান্ড; যা নারীদের ব্যক্তিত্ব, শক্তি ও কারিশমা উপস্থাপন করে। আমরা এই কাস্টম ক্রাউনটি সুন্দর ও আত্মবিশ্বাসী একজন বিজয়ীর মাথায় দেখার প্রত্যাশায় রয়েছি, যিনি বৈশ্বিক অঙ্গনে, অর্থাত্ দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিতব্য মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। এই ক্রাউনটি সবার জন্য গুলশান অ্যাভিনিউতে আমাদের গ্র্যান্ড স্টোরে প্রদর্শিত হবে। সকল প্রতিযোগীকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা,’ বলেন আমিশের ব্যবস্থাপনা পরিচালক সোহানা রউফ চৌধুরী। মিস ইউনিভার্স বাংলাদেশের চেয়ারম্যান রিজওয়ান বিন ফারুক বলেন, ‘আমরা জুয়েলারি পার্টনার হিসেবে আমিশেকে পেয়ে খুবই সন্তুষ্ট, যারা সবচেয়ে সুন্দর ক্রাউনটি (টিয়ারা) তৈরি করেছেন। ১৯৯৪ সালের মিস ইউনিভার্সের বিজয়ী সুস্মিতা সেন, প্রথমবারের মতো বাংলাদেশে আয়োজিত এ আসরের বিজয়ীর মাথায় এই ক্রাউন পরিয়ে দেবেন।’

মিস ইউনিভার্স বাংলাদেশের বিচারক কানিজ আলমাস বলেন, ‘প্রথম মিস ইউনিভার্স বাংলাদেশের মেকআপ পার্টনার হয়ে পারসোনা খুব সন্তুষ্ট। আমি অপেক্ষায় আছি কে এই আসরের বিজয়ী হয়, তা দেখার জন্য।’ আগামী ২৩ অক্টোবর অনুষ্ঠিত হবে প্রথম মিস ইউনিভার্স বাংলাদেশের সুন্দরী প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে। বিজয়ীকে ক্রাউন পরিয়ে দেবেন ১৯৯৪-এর মিস ইউনিভার্স বিজয়ী ও বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন।