জেমিনি ম্যানের নায়িকা

আপডেট : ১৬ অক্টোবর ২০১৯, ১৮:১৪

তা হ মি না  মি লি

 

হালে মুক্তি পেয়েছে উইল স্মিথ অভিনীত নতুন সিনেমা ‘জেমিনিম্যান’। অস্কারজয়ী চিত্রনির্মাতা অ্যাং লি পরিচালিত এ ছবিতে উইল স্মিথ নিজেরই মুখোমুখি হয়েছেন। এ ছবিতে উইল স্মিথের অবিকল চরিত্রে আরেক তরুণ উইল স্মিথকে দেখা গেছে। যেখানে যমদূত হয়ে আসা নিজের ক্লোনের সঙ্গেই লড়তে দেখা গেছে তাকে। কুখ্যাত গুপ্তঘাতক হেনরি চরিত্রে অভিনয় করছেন উইল স্মিথ। তাকে হত্যা করতেই তার ক্লোন সৃষ্টি করে সরকারি বাহিনী। ফলে নিজের চেয়ে ২৫ বছরের কম বয়সী নিজেরই স্বরূপের সঙ্গে লড়তে হয় হেনরিকে। শ্বাসরুদ্ধকর কাহিনির ‘জেমিনি ম্যান’ ছবিতে এক খুনি নারী ডেনি জাকারভিস্কি চরিত্রে অভিনয় করেছেন মেরি এলিজাবেথ উইনস্টিড। আমেরিকান এই অভিনেত্রীকে দর্শক ইতিমধ্যে চিনেছেন একজন ভার্সাটাইল অভিনেত্রী হিসেবে। ৩৪ বছর বয়সী মেরি এলিজাবেথ উইনস্টিডকে হলিউডে নানারূপে দেখা গেছে। হলিউডের বিখ্যাত অভিনেত্রী আভা গার্ডনারের একই বংশের হওয়ায় তাকে সবাই আলাদাভাবে ভাবেন। বিভিন্ন ঘরানার সিনেমায় অভিনয়ের মাধ্যমে নিজের সক্ষমতার পরিচয় দিয়েছেন তিনি। এবার ‘জেমিনি ম্যান’ ছবিতে উইল স্মিথের বিপরীতে মেরিকে ভিন্ন ধাঁচের চ্যালেঞ্জিং রোলে দেখা গেল। একজন নারী খুনির ভূমিকায় অভিনয় অনেকটা কঠিন ছিল মেরির জন্য। শিল্প-সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত একটি পরিবারের মেয়ে হওয়ার কারণে সংস্কৃতির প্রতি তার বিশেষ অনুরাগ সৃষ্টি হয়েছিল খুব ছোটবেলাতেই। তখন থেকেই তার মঞ্চে অভিনয় শুরু। সিবিএস চ্যানেলের ‘টাচড বাই অ্যান অ্যাঞ্জেল’ সিরিজের একটি এপিসোডে অভিনয়ের মাধ্যমে ছোট পর্দায় তার পথচলা শুরু। কিছুদিনের মধ্যে মেরিকে আবার দেখা যায় ‘উলফলেক’ সিরিজের প্রধান চরিত্রে। যদিও সিরিজটি খুব বেশিদিন চলেনি টিভি পর্দায়। জনপ্রিয়তা না পাওয়ায় প্রযোজনা প্রতিষষ্ঠান সিরিজটি বন্ধ করে দেয়। ব্লকবাস্টার হরর ধাঁচের সিনেমা ‘দ্য রিং’-এর দ্বিতীয় সিক্যুয়ালে অভিনয়ের মাধ্যমে রুপালি পর্দায় তার অভিষেক ঘটেছিল। কিন্তু মজার ব্যাপার হলো, সম্পাদনার টেবিলে মেরি অভিনীত অংশটি বাদ পড়ে যায়। বারবার ধাক্কা খেয়ে কিছুটা হতাশ হয়ে পড়লেও মনোবল হারাননি তিনি। তার ধারণা ছিল, সাফল্য একসময় হাতে ধরা দেবেই। ‘ফাইনাল ডেস্টিনেশন’ ছবির তৃতীয় সিক্যুয়ালে অভিনয়ের সুবাদে অনেকটাই বাজিমাত করেন। থ্রিলার ধাঁচের ছবিটিতে ওয়োন্ড ক্রিস্টেনসন চরিত্রে মেরির পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। তারপর তার কপাল খুলে যায় অনেকটা। একের পর এক সিনেমায় তার অভিনয় সবার দারুণ প্রশংসা কুড়াতে থাকে। কোয়েন্টিন টারান্টিনোর ‘ডেথ প্রুফ’, ‘লিভ ফ্রি অর ডাই হার্ড’, ‘স্কট পিলগ্রিম ভার্সেস দ্য ওয়ার্ল্ড’, ‘আব্রাহাম লিঙ্কন :দ্য ভ্যাম্পায়ার হান্টার’, ‘সুইস আর্মি ম্যান’ কিংবা ‘টেন ক্লোভারফিল্ড লেজ’-এর মতো দর্শকনন্দিত ও বিপুল প্রশংসিত সিনেমাগুলোয় মেরি উইনস্টিডের মনমাতানো অনবদ্য অভিনয় তাকে হলিউডে বেশ ভালো অবস্থানে প্রতিষ্ঠিত করেছে বলা যায় অনায়াসেই। ‘জেমিনি ম্যান’ ছবিতে তার তুখোড় অভিনয় নিয়ে এর মধ্যেই আলোড়ন সৃষ্টি হয়েছে।