শাহাদুল ইসলাম সাজু
জয়পুরহাট প্রতিনিধি
’যে ছিল দৃষ্টির সীমানায়’, ‘আমি সবকিছু ছাড়তে পারি’, ‘কে তুমি তন্দ্রা’, ‘তুমি কী সেই আগের মতো আছ।’—শ্রোতাদের মুগ্ধ করা এমন কালজয়ী গান পরিবেশনের মধ্য দিয়ে শুরু করা হয় ’শরত্ সন্ধ্যা’। জয়পুরহাটের প্রফেসর পাড়ায় অবস্থিত মৌণবীণা আর্ট স্কুলে গত শুক্রবার শরত্ সন্ধ্যার আয়োজন করে জয়পুরহাটের স্থানীয় সাংস্কৃতিক সংগঠন ‘সংগীত চক্র’। শরত্ সন্ধ্যায় এক এক করে ৪৮টি সংগীত পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন ডা. জাফর ইমাম। অনুষ্ঠানে আরো সংগীত পরিবেশন করেন জাকিয়া ফারহানা চৌধুরী, ফরহাদ সরকার, খাদিজা তালুকদার, শামীম আহমেদ ও আব্দুল্লাহ আল ওবেদি সবুজ। শিল্পীদের পরিবেশন করা অন্যান্য গানগুলোর মাঝে ছিল—‘মরমীয়া তুমি চলে গেলে’, ‘চুপকে চুপকে আছু বাহানা’, ‘বাবা তোমার ছেলে আজ বড় হয়েছে’ ও ‘অভিনন্দন নয় প্রশংসাও নয়, নয় শুধু সংবর্ধনা।’ জেলা ও দায়রা জজ এম এ রব হাওলাদার প্রধান অতিথি হিসেবে শরত্ সন্ধ্যার উদ্বোধন করেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি মোস্তাকিম ফাররোখ, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মণ্ডল, পিপি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহীনুর আলম, মৌণবীণা আর্ট স্কুলের পরিচালক মাহবুব আলম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সংগীত চক্রের সভাপতি মাহমুদুল ইসলাম। গভীর রাত পর্যন্ত আগত দর্শকরা শরত্ সন্ধ্যার পরিবেশনাগুলো উপভোগ করেন।
