‘ফুয়াদ লাইভ ইন ঢাকা’

আপডেট : ১৬ অক্টোবর ২০১৯, ১৮:১৮

বিনোদন ডেস্ক

 

ক্যান্সার জয়ী সুরকার ও সংগীত পরিচালক ফুয়াদ আল মুক্তাদির ঢাকায় গান গাইবেন। যুক্তরাষ্ট্র প্রবাসী এই সংগীত পরিচালক সম্প্রতি দেশে এসেছেন কনসার্টের উদ্দেশ্যে। আগামী ২৬ অক্টোবর রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার ২ নম্বর হলে অনুষ্ঠিত হবে ‘ফুয়াদ লাইভ ইন ঢাকা’। সেখানে গাইবেন ফুয়াদসহ একঝাঁক শিল্পী।

অনেকদিন ধরেই গানে অনিয়মিত ফুয়াদ। মাঝে বিভিন্ন শিল্পীর গানের সংগীতায়োজন করতে দেখা গেলেও কোনো কনসার্টে দেখা যায়নি। যুক্তরাষ্ট্র প্রবাসী এই সংগীত পরিচালক এবার দেশে ফিরছেন কনসার্টের উদ্দেশ্যে। অনুষ্ঠিতব্য এই কনসার্টে গাইবেন রকস্টার শুভ, তাশফি, লিঙ্কন, এলিটা, রাফা, আলিফ, তাপস, জোহান, কনা, আনিকা, ফাইরুজ ও জেফার। বিকেল ৫টায় শুরু হয়ে কনসার্টটি চলবে রাত ১০টা পর্যন্ত।

কনসার্ট নিয়ে কণ্ঠশিল্পী কনা বলেন, ‘ফুয়াদ সবসময়ই অনন্য। তিনি তার সংগীত পরিবেশনায় নতুনত্ব তুলে ধরার চেষ্টা করেছেন সবসময়। যারা তার সুর-সংগীতে গান করেছেন তারা জানেন ফুয়াদ তার আয়োজনের মধ্য দিয়ে কীভাবে সংগীতের বাঁকবদল ঘটিয়েছেন। লাইভ কনসার্টেও ভিন্নতা তুলে ধরার চেষ্টা করেন তিনি। অনেকদিন পর তার সঙ্গে একমঞ্চে পারফর্ম করতে যাচ্ছি। এ আয়োজন দর্শক-শ্রোতার প্রত্যাশা পূরণ করবে বলে আমার বিশ্বাস।’