এতিম টাকা

আপডেট : ১৬ অক্টোবর ২০১৯, ২০:১৮

জগলুল হায়দার

 

হচ্ছে টাকা কুচি কুচি

হায় কি এতিম টঙ্কা!

টাকা এখন ভরসা তো নয়

বরং টাকাই শঙ্কা।

 

টাকা টাকা হায় রে টাকা

সব হারামের বিত্তে

টাকার কুমির ধুঁকছে টাকায়

সুখ নাই আর চিত্তে।

 

তাই তো টাকা যায় বালিশে

কিংবা ছাদের উপ্রে

দেখছে সবাই ঘোর বিপদে

চুরির টাকার রূপ রে।

 

টাকার এখন আকার বড়ো

তাই তো বিশাল অঙ্কে

মিলছে টাকা ঘরে ঘাটে

ড্রেন ও পথের পঙ্কে।

 

সবাই জানে সবাই মানে

টাকার বাড়ি ব্যাংকে

কিন্তু টাকা মিলছে কেন

খাদ ও পানির ট্যাংকে!?