বরফাচ্ছাদিত পাহাড়ে ঘোড়ায় চড়ে ছুটছেন কিম

আপডেট : ১৬ অক্টোবর ২০১৯, ২০:১৯

বিবিসি

বরফে আচ্ছাদিত মাউন্ট পিকতুর পার্বত্য এলাকায় উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে একটা সাদা ঘোড়ায় চড়ে ছুটতে দেখা গেছে। সারা দুনিয়ায় আলোচিত-সমালোচিত কিমের এমন ঘোড়া ছোটানোর বিষয়টি বেশ কৌতূহল সৃষ্টি করেছে।

বিবিসির খবরে বলা হয়, কিমের ঘোড়ায় চড়ে ঘুরে বেড়ানোর দৃশ্য দেখে সমালোচকেরা বলছেন, বিশ্বের নজর কাড়তেই তিনি এ কাণ্ড ঘটিয়েছেন। যদিও কিম আগেও ২ হাজার ৭৫০ মিটার উচ্চতার এই পাহাড়ে আরোহণ করেছেন এবং সেগুলোর ছবিও প্রকাশ হয়েছিল। কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) উত্তর কোরিয়ার বরফ আচ্ছাদিত সর্বোচ্চ পাহাড় মাউন্ট পায়েকতুয়ে কিমের ঘোড়া চালিয়ে ছুটে বেড়ানোর একের পর এক ছবি প্রকাশ করেছে। পাহাড়টি দেশটির বিশেষ প্রতীক হিসেবে বিবেচিত হয়। পাহাড়ের ঐ অঞ্চলটি কিম জং-উনের বাবার জন্মস্থান হিসেবে খ্যাতনামা।

কেসিএনএর প্রতিবেদনে বলা হয়, পিকতু পর্বতে ঘোড়ায় চড়ে তার (কিমের) ছুটে চলা কোরীয় বিপ্লব ইতিহাসের এক অন্য উচ্চতার গুরুত্ব বহন করে। মাউন্ট পিকতুর ওপর ঘোড়ায় বসে তিনি গভীরভাবে স্মরণ করেছেন, দেশকে আস্থার সঙ্গে সবচেয়ে শক্তিশালী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কঠোর সংগ্রামের পথ পাড়ি দেওয়ার কথা। পিকতুর মতো তিনি অবিচল থাকবেন। কিম কমপক্ষে তিনবার মাউন্ট পিকতুতে আরোহণ করেছেন।