যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান এরদোয়ানের
বিবিসি ও রয়টার্স
সিরিয়ায় তুরস্কের হামলাকে অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছে রাশিয়া। এই হামলা বরদাশত করা হবে না বলেও জানিয়েছে সিরিয়ায় মস্কোর বিশেষ দূত আলেকজান্দ্রার লাভ্রেনতেভ। এদিকে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান।
সংযুক্ত আরব আমিরাত সফরের সময় সিরিয়ায় মস্কোর বিশেষ দূত আলেকজান্দ্রার লাভ্রেনতেভ তুর্কি হামলাকে ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেন। তিনি বলেন, আগের চুক্তি অনুসারে, তুর্কি সেনাদের সিরিয়ার অভ্যন্তরে মাত্র ৫-১০ কিলোমিটার প্রবেশের এখতিয়ার রয়েছে। আর তুর্কিদের সেখানে স্থায়ীভাবে সেনা মোতায়েনের কোনো অধিকারও নেই। তিনি বলেন, সংঘাত এড়াতে সিরিয়া তুরস্কের সঙ্গে যোগাযোগ রাখছে।
লাভ্রেনতেভ নিশ্চিত করেছেন, কুর্দি ও সিরিয়া সরকারের মধ্যে চুক্তির ব্যাপারে রাশিয়া মধ্যস্থতা করেছে। চুক্তি অনুসারে কুর্দি নেতৃত্বাধীন বাহিনী সিরিয়ার সেনাদের কাছ থেকে সামরিক সহায়তা পাওয়ার বিনিময়ে তাদের (কুর্দি) নিয়ন্ত্রিত অঞ্চল দেশটির কাছে সমর্পণ করেছে। প্রসঙ্গত, রাশিয়া সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের প্রধান মিত্র। ২০১৫ সাল থেকে রুশ সৈন্য মোতায়েন রয়েছে সিরিয়ায়। বর্তমান পরিস্থিতিতে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, সিরিয়া ও তুরস্কের মধ্যের ‘সংযোগ রেখায়’ রুশ সেনারা টহল দিচ্ছে।
সিরিয়ার উত্তরাঞ্চলে কুর্দিদের পক্ষে মোতায়েন মার্কিন সেনাদের গত সপ্তাহে প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। এই ঘোষণা মাত্রই সিরিয়ার সীমান্ত এলাকায় সেনা জড়ো করে কুর্দিদের ওপর হামলা শুরু করে তুরস্ক। এই হামলায় তুরস্কের সঙ্গে রয়েছে সিরিয়ার বিদ্রোহী যোদ্ধারা। মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণায় হঠাত্ বিপাকে পড়ে যাওয়া কুর্দিরা শেষ পর্যন্ত রাশিয়ার মধ্যস্থতায় সিরিয়ার সরকারি বাহিনীর সহায়তা চেয়ে চুক্তি করেছে। যদিও কুর্দি নেতা জানিয়েছেন, তারা রাশিয়া ও সিরিয়ার ওপর আস্থা রাখতে পারছেন না।
এদিকে সিরিয়ার উত্তরাঞ্চলে তুরস্ককে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছিল যুক্তরাষ্ট্র। কিন্তু যুক্তরাষ্ট্রের এই আহ্বান প্রত্যাখ্যান করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান। এক বিবৃতিতে এরদোয়ান জানিয়েছেন, সিরিয়ার উত্তরাঞ্চলে সামরিক অভিযান চলবে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বৃহস্পতিবার তুরস্ক সফর করবেন বলে জানা গেছে।
