পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শ্রীমন্তপুর গ্রামের একটি খড়ের পালা থেকে বুধবার সকালে তিন রাউন্ড গুলিসহ একটি শাটারগান পাওয়া গেছে।
স্থানীয় ধরঞ্জী ইউপি সদস্য ফারায়েজ ও আব্দুল গণি জানান, শ্রীমন্তপুর গ্রামের মৃত তছির উদ্দিনের ছেলে নবীর উদ্দিন গরুকে খড় খাওয়ার জন্য তার বাড়ির অদূরে রাখা পালা থেকে খড় সংগ্রহ করে বাড়িতে নিয়ে আসার সময় একটি শাটারগান ও তিনটি গুলির একটি থলে মাটিতে পড়ে যায়। বিষয়টি বাড়ির মালিককে জানালে থানায় সংবাদ দেওয়া হয়। পুলিশ সাটারগান ও গুলিগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ইউপি সদস্য আব্দুল গণি বলেন, ভারতের দক্ষিণ দিনাজপুর ত্রিমনীর এক স্বর্ণকারের দোকানের ঠিকানাসহ একটি ছোটো থলের মধ্যে গুলিগুলো ছিল। পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান ঘটনাটি নিশ্চিত করেছেন।
