জামালপুরে ঘুষসহ হাসপাতালের অফিস সহকারী গ্রেফতার

আপডেট : ১৬ অক্টোবর ২০১৯, ২১:১৯

জামালপুর প্রতিনিধি

জামালপুর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ঘুষসহ এক কর্মচারীকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার দুপুরে হাসপাতালের অফিস সহকারী কাজী গোলাম মোস্তফাকে ১ লাখ ৩৩ হাজার ৩২ টাকাসহ গ্রেফতার করা হয়।

অফিস সহকারী কাজী গোলাম মোস্তফা জামালপুর সদর উপজেলার নরুন্দি এলাকার মিরাপুর গ্রামের আব্দুস সালামের ছেলে। তিনি জামালপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর।

এ বিষয়ে দুর্নীতি দমন কমিশনের টাঙ্গাইল কার্যালয়ের উপপরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, কাজী গোলাম মোস্তফার কাছ থেকে ঘুষের ১ লাখ ৩৩ হাজার ৩২ টাকা পাওয়া গেছে। তিনি আমাদের নজরদারিতেই ছিলেন। তাকে জিজ্ঞাসাবাদে হাসপাতালে ঘুষ গ্রহণের জড়িতদের অন্যদের নাম বেরিয়ে আসবে।

তিনি আরো বলেন, এ ঘটনায় জামালপুর সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।