স্পোর্টস ডেস্ক
স্পেনের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জনের পর সাবেক কোচ লুইস এনরিখকে এটি উত্সর্গ করলেন অধিনায়ক সার্জিও রামোস। গত মঙ্গলবার রাতে সুইডেনের বিরুদ্ধে যোগ হওয়া সময়ে রদ্রিগোর গোলে ১-১ ড্রয়ের সুবাদে এই যোগ্যতা অর্জন করে স্পেন। তিনবারের চ্যাম্পিয়নদের ১ পয়েন্টই দরকার ছিল।
লুইস এনরিখ এ বছরের শুরুতে তার ৯ বছরের কন্যা ক্যানসার আক্রান্ত হওয়ার পর স্পেন দলের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন। পাঁচ মাসের লড়াই শেষে মৃত্যুবরণ করে এনরিখের কন্যাটি। এর আগে এই এনরিখের অধীনে বাছাই পর্বে খেলা শুরু করেন সাবেক বার্সেলোনা কোচ। গেল জুনেই তিনি দায়িত্বটি ছেড়ে দিয়েছিলেন। এরপর আগস্টে তার কন্যা জানা মৃত্যুর কাছে হার মানে।
সাবেক স্পেন কোচ এনরিখ ও তার স্ত্রী এলেনা কুলেলের তিন সন্তানের মধ্যে জানাই ছিল সবার ছোটো। তিনি দায়িত্ব ছেড়ে দেওয়ার পর সহকারী কোচ রবার্তো মোরেনো তার স্থলাভিষিক্ত হন। এনরিখের দায়িত্বকালে স্পেন রোমানিয়া ও ফ্যারো আইল্যান্ডের বিরুদ্ধে জয়ের পাশাপাশি নরওয়ে ও সুইডেনের সঙ্গে ড্র করেছিল।
র্যামোস চূড়ান্ত পর্বে ওঠা নিশ্চিত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে এনরিখকে নিয়ে হূদয়স্পর্শী বার্তা দেন। তিনি লেখেন, ‘যোগ্যতা অর্জন! এটা তোমার জন্য, লুইস এনরিখ!’ রামোস অবশ্য নরওয়ের বিরুদ্ধে হলুদ কার্ড পাওয়ার কারণে এদিন মাঠে ছিলেন না।
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে স্পেন হলো চূড়ান্ত পর্বে ওঠা ষষ্ঠ দল। এর আগে চূড়ান্ত পর্ব নিশ্চিত করে পোল্যান্ড, রাশিয়া, বেলজিয়াম, ইতালি ও ইউক্রেন।
নরওয়ের মাঠে হোঁচট খাওয়ার পর সর্বশেষ খেলাটিতে স্বাগতিক সুইডেন গোল করে দীর্ঘ সময় এগিয়ে থাকায় হারের শঙ্কায় পড়েছিল স্পেন। শেষ পর্যন্ত যোগ করা সময়ের গোলে হার এড়িয়ে ১-১ ড্রয়ের সুবাদে মূল পর্বে যোগ দেয় সাবেক চ্যাম্পিয়ন দেশটি।
আট ম্যাচে ছয় জয় ও দুই ড্রয়ে ২০ পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্রুপের শীর্ষে আছে স্পেন। ১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে সুইডেন। আরেক ম্যাচে নরওয়ের সঙ্গে ১-১ ড্র করা রোমানিয়া ১৪ পয়েন্ট নিয়ে আছে ৩ নম্বরে। ১১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে নরওয়ে।
জয়ের ধারায় ইতালি
ইতালি ‘জে’ গ্রুপ থেকে আগেই চূড়ান্ত পর্ব নিশ্চিত করে রেখেছিল এবং জয়ের ধারা ধরে রেখেছে। সর্বশেষ রাউন্ডে রবার্তো মানচিনির দল ৫-০ গোলে পরাজিত করে লিচেনস্টাইনকে। এই জয়ে ২৪ পয়েন্ট পেয়ে শীর্ষস্থান নিশ্চিত করেছে ইতালি। দ্বিতীয় স্থানে থাকা ফিনল্যান্ডের পয়েন্ট ১৫।
সমান ১০ পয়েন্ট নিয়ে ৩ ও ৪ নম্বরে আছে যথাক্রমে আর্মেনিয়া ও বসনিয়া-হার্জেগোভিনা।
এ নিয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে টানা আটটিতে জিতল ইতালি। এর আগে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এক প্রীতি ম্যাচেও জিতেছিল তারা। ভিট্টোরি পোজোর অধীনে ১৯৩৮-৩৯ সালের দলটির পর এই প্রথম দীর্ঘ সময় ধরে অপরাজিত আছে ইতালীয়রা।
মানচিনি জানিয়েছেন, টানা জয় নয়, পোজোর মতো দুটি বিশ্বকাপ ও একবার অলিম্পিক গেমসে জয়ের ব্যাপারেই আগ্রহী তিনি। তবে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে একটি শিরোপা জয়ও দারুণ হবে।
