শেখ কামাল ক্লাব ফুটবল
জাকির হোসেন লুলু, চট্টগ্রাম অফিস
শেখ কামাল ক্লাব কাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট সামনে রেখে চট্টগ্রামে আসতে শুরু করেছে টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলো। গতকাল বুধবার সন্ধ্যায় এসে পৌঁছায় স্বাগতিক আবাহনী লিমিটেড। আজ বৃহস্পতিবার এসে পৌঁছাবে মোহনবাগান অ্যাথলেটিক্স ক্লাব, গতবারের চ্যাম্পিয়ন মালদ্বীপের টিসি স্পোর্টস ক্লাব, চেন্নাই সিটি এফসি ও মালয়েশিয়ার তেরেঙ্গুনা ফুটবল ক্লাব। অবশিষ্ট দলগুলো আসবে টুর্নামেন্ট শুরুর আগের দিন। চট্টগ্রাম বন্দর স্টেডিয়াম, সাগরিকা মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠ ও হালিশহর পুলিশ লাইন মাঠে দলগুলো অনুশীলন করবে। হোটেল পেনিনসুলা, হোটেল আগ্রাবাদ ও হোটেল অর্কিডে টুর্নামেন্ট চলাকালীন সময় পর্যন্ত দলগুলো অবস্থান করবে।
অতিথি দলগুলোর জন্য নগরীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশ প্রশাসনের পক্ষ হতে সার্বিক সহযোগিতার আশ্বাস পাওয়া গেছে। অপরাপর সংস্থাগুলোও সহযোগিতার আশ্বাস দিয়েছে। যাতে স্টেডিয়ামের গ্যালারি পূর্ণ হয়, তার জন্য পাড়া ও মহল্লায় প্রচার-প্রচারণা বৃদ্ধি করেছে টুর্নামেন্টের আয়োজকরা। টিকিটের মূল্য একেবারে নাগালের মধ্যে রয়েছে। এম এ আজিজ স্টেডিয়ামের পূর্ব গ্যালারি ১০ টাকা এবং উত্তর ও দক্ষিণ গ্যালারির টিকিটের দাম রাখা হয়েছে ২০ টাকা মাত্র। টুর্নামেন্টের উদ্বোধনী দিনে খেলা রয়েছে মাত্র একটি। গেলবারের চ্যাম্পিয়ন মালদ্বীপের টিসি স্পোর্টস ক্লাবের মুখোমুখি হবে স্বাগতিক আবাহনী লিমিটেড। খেলা শুরু হবে সন্ধ্যা ৭টায়। দলগুলোর গ্রুপিং, ফিকশ্চার প্রণয়নের কাজসহ টুর্নামেন্ট আয়োজনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এখন চলছে শুধু মাঠের প্রস্তুতি। শুক্রবারের মধ্যে তারও প্রস্তুতি সম্পন্ন করে রাখা হবে বলে জানিয়েছেন আয়োজকেরা।
