বিশ্ববিদ্যালয় রিপোর্টার
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহুল প্রতীক্ষিত জো-বাইক সেবা ‘ডিইউ চক্কর’ চালু করেছে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। গতকাল বুধবার বিকাল সোয়া তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের (টিএসসি) পায়রা চত্বরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন করেন। ‘কার্বনমুক্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস’ স্লোগানকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জো-বাইক সেবা চালু হয়েছে বলে জানান ডাকসুর পরিবহন বিষয়ক সম্পাদক শামস-ই নোমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। এছাড়া, ডাকসুর সহসভাপতি (ভিপি) নুরুল হক, সাধারণ সম্পাদক (জিএস) গোলাম রাব্বানী, পরিবহন সম্পাদক শামস-ই নোমান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আরিফ ইবনে আলী, সদস্য তিলোত্তমা সিকদার, তানভীর হাসান সৈকত, চিবল সাংমা, জোবাইক কোম্পানির প্রতিষ্ঠাতা মেহেদী রেজা প্রমুখ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে নওফেল উপস্থিত সকলকে কার্বনমুক্ত পরিবেশ নিশ্চিত করতে জো-বাইক ব্যবহার করার আহ্বান জানান। এছাড়া, উপস্থিত ছাত্রনেতাদের প্রতি দায়িত্ববান এবং শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
ডাকসুর উদ্যোগে ১০০ বাইসাইকেল নিয়ে এই জো-বাইক সেবার আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয়েছে গতকাল।
জো-বাইক হচ্ছে স্মার্টফোনভিত্তিক নির্দিষ্ট অ্যাপ্লিকেশনের মাধ্যমে এক ধরনের বাইসাইকেল সেবা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন করার মাধ্যমে এই সাইকেল সেবা গ্রহণ করতে পারবেন। রেজিস্ট্রেশনের পর ব্যবহারকারীকে তার স্মার্টফোনে নির্দিষ্ট অ্যাপটি ডাউনলোড করতে হয় এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে অ্যাকাউন্ট তৈরি করতে হয়। তারপরে ব্যবহারকারী কিউ আর কোড স্ক্যান করে বাইকগুলো আনলক করে চালাতে পারে। এর জন্য নির্দিষ্ট পরিমাণে টাকা পরিশোধ করতে হয় গ্রাহককে।
