আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বুয়েটের আবরার হত্যা মামলা পরিচালনার জন্য পৃথক প্রসিকিউশন টিম গঠন করা হবে। তিনি বলেন, এই হত্যা মামলার অভিযোগপত্র দাখিলের সঙ্গে সঙ্গে দায়িত্ব বর্তাবে আদালত ও প্রসিকিউশন সার্ভিসের ওপর। এই দায়িত্ব কার ওপর ন্যস্ত করা হবে, এই দায়িত্ব কে পালন করবে এবং কাকে দিয়ে এই মামলা পরিচালনা করলে ভালো হবে এই ব্যাপারে একটি টিম তৈরি করে দেওয়ার ব্যাপারে আইন মন্ত্রণালয় কাজ করছে। সেই হিসেবে আমি বলছি, অভিযোগপত্র দেওয়ার সঙ্গে সঙ্গেই এই মামলাটি বিচার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার জন্য প্রসিকিউশনকে বলেছি। গতকাল বুধবার সচিবালয়ে ইউরোপীয় ইউনিয়নের সংযুক্ত প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, সম্প্রতি র্যাগিংয়ের কথাগুলো উঠে এসেছে। যারা র্যাগিংয়ের শিকার তাদেরকে বলুন তারা যেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নালিশ করে। নালিশ করলে আমাদের যথেষ্ট আইন আছে, যেগুলোর আওতায় র্যাগিংয়ের মাধ্যমে যে অপরাধ করা হয়, সেগুলোর বিচার আমরা করব। প্রচলিত আইনেই এ বিচার করা হবে।
