ইত্তেফাক রিপোর্ট
একাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে পারছেন না বিএনপি নেতা ও সাবেক প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ও রুহুল কুদ্দুস তালুকদার দুলু। এদের মনোনয়নপত্র গ্রহণ করে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে ইসিকে হাইকোর্টের দেওয়া নির্দেশ স্থগিত করেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের সাত বিচারপতির বেঞ্চ গতকাল বুধবার এ আদেশ দেন। ফলে তারা কেউ নির্বাচনে অংশ নিতে পারছেন না বলে সাংবাদিকদের জানান টুকুর আইনজীবী ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি। তিনি বলেন, হাইকোর্টের আদেশের উপর চেম্বার আদালতের দেওয়া স্থগিতাদেশ বহাল রেখেছে আপিল বিভাগ। তার মানে হলো উনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। আমি আদালতে বলেছিলাম বিষয়টি নিষ্পত্তি করে দিতে। যেহেতুে লিভ পিটিশনের সুযোগ রয়েছে, আমার মতে বিষয়টি এখনও নিষ্পত্তি হয়নি।
সিরাজগঞ্জ-২ আসন থেকে ইকবাল হাসান মাহমুদ টুকু এবং নাটোর-২ থেকে রুহুল কুদ্দুস তালুকদার দুলু দলীয় মনোনয়নপত্র গ্রহণ করেন। তবে ফৌজদারি মামলায় দণ্ডিত হওয়ায় ওই মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসাররা। আপিল করলে এ সিদ্ধান্ত বহাল রাখে ইসি। পরে হাইকোর্টে ইসির সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন তারা। ওই রিটের শুনানি নিয়ে হাইকোর্ট বিএনপি নেতাদের মনোনয়পত্র গ্রহণ করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ প্রদানের জন্য ইসিকে নির্দেশ দেয়। এর বিরুদ্ধে আবেদন করলে চেম্বার আদালতের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী হাইকোর্টের আদেশ স্থগিত করে দেন। গতকাল ওই স্থগিতাদেশ চলমান রাখে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চ।
