ম্যাজিস্ট্রেটের বিকল গাড়ি মেরামত না করায় ওয়ার্কশপের বিদ্যুত্ লাইন কর্তন!

আপডেট : ১৬ অক্টোবর ২০১৯, ২২:২৬

বরিশালে বিদ্যুত্ বিভাগের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের বিকল গাড়ি মেরামতে মিস্ত্রি না পাঠানোয় গ্যারেজের বিদ্যুতের লাইন কেটে তারসহ মিটার নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনার প্রতিবাদে আজ বৃহস্পতিবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ঘোষণা দিয়েছে গাড়ি মেরামতের সকল গ্যারেজ ওয়ার্কশপসমূহ।  বিদ্যুত্ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, ঐ গ্যারেজে মিটার বাইপাস করে বিদ্যুত্ চুরির ঘটনা ঘটছিল। যে কারণে তারসহ মিটার খুলে আনা হয়েছে।

বরিশাল ওয়ার্কশপ মালিক সমিতির সভাপতি নির্মল চন্দ্র দাস অভিযোগ করেন, বুধবার দুপুরে বিদ্যুত্ বিভাগের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমানের গাড়িচালক সোহেল তাকে ফোন দিয়ে বলেন, পটুয়াখালী শহর থেকে চার কিলোমিটার দূরে ম্যাজিস্ট্রেটের গাড়ি বিকল হয়েছে। বরিশাল থেকে একজন মিস্ত্রি পাঠাতে বলেন। পূজার ছুটি শেষে সকল মিস্ত্রি না আসায় এবং বরিশাল থেকে ঘটনাস্থল প্রায় ৫০ কিলোমিটার দূরে হওয়ায় মিস্ত্রি পাঠানো সম্ভব নয় বলে তিনি জানান।