অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মো. ওবায়দুলসহ স্বাস্থ্য অধিদপ্তরের ৯ কর্মকর্তা-কর্মচারীকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার দুদকের উপ-পরিচালক সামছুল আলম তাদের তলব করে নোটিশ পাঠিয়েছেন।
দুদক থেকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবর পাঠানো চিঠিকে তলবকৃত ঐ ৯ জনকে দুদকে হাজির করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে। এছাড়া রাজধানীর মহাখালীর জাতীয় বক্ষব্যাধি হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মুন্সি সাজ্জাদ হোসেনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছে দুদক।
দুদক সূত্র জানিয়েছে, তলবকৃত এ ৯ জনের মধ্যে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মো. ওবায়দুল, গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের স্টোর অফিসার মো. নাজিম উদ্দিন, স্বাস্থ্য অধিদপ্তরের গাড়িচালক মো. আবদুল মালেককে ২২ অক্টোবর, রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের হিসাবরক্ষক ইমদাদুল হক, সাতক্ষীরা মেডিক্যাল কলেজের ল্যাব সহকারী আবদুল হালিম, ঢাকা মেডিক্যাল কলেজের সচিব আনোয়ার হোসেনকে ২৩ অক্টোবর এবং কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, ইপিআইয়ের হিসাব রক্ষক মজিবুর রহমান মুনশি ও ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সের প্রশাসনিক কর্মকর্তা আবু সায়েম মো. ইমদাদুল হক সাদেককে ২৪ অক্টোবর দুদকে হাজির হতে বলা হয়েছে।
