জাবিতে ভিসি অপসারণের দাবিতে বিক্ষোভ

আপডেট : ১৭ অক্টোবর ২০১৯, ০০:৩৬

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের বিরুদ্ধে নৈতিক স্খলন ও অর্থ কেলেঙ্কারির অভিযোগ এনে অপসারণের দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা। গতকাল দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ প্রাঙ্গণ থেকে ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে বিক্ষোভ মিছিল বের করে আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, অনুষদ ভবন, প্রশাসনিক ভবন প্রদক্ষিণ করে মুরাদ চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভ সমাবেশে দর্শন বিভাগের অধ্যাপক কামরুল আহসান বলেন, ‘এতবড় ঘটনা ঘটার পরেও একটা পক্ষ কঠিন দৃষ্টিতে দেখার চেষ্টা করছেন যে আসলে কোনো দুর্নীতি হয়েছে কিনা। তারা কোনোভাবেই এ বিশ্ববিদ্যালয়ের পক্ষের হতে পারে না। আন্দোলনে কতজন অংশগ্রহণ করেছে সেটা বড়ো না। বড়ো কথা হলো তারা নৈতিক কথা বলছেন কিনা।

বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম-আহ্বায়ক ফরহাদ হারেস ভুঁইয়া বলেন, ‘প্রশাসন আমাদের দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনকে আদর্শিক ও নৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে তার সাফাই গাওয়ার জন্য অন্যায়ের বিরুদ্ধে ও উন্নয়নের পক্ষে জাহাঙ্গীরনগর নামের প্ল্যাটফরম তৈরি করেছে।

উপাচার্যপন্থিদের মৌন মিছিল ও সংহতি সমাবেশ

এদিকে গতকাল বেলা ১১টায় উপাচার্যকে অপসারণের দাবিতে চলমান আন্দোলনকে ষড়যন্ত্র আখ্যা দিয়ে মৌন মিছিল ও সংহতি সমাবেশ করেছে উপাচার্যপন্থি শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা। ‘অন্যায়ের বিরুদ্ধে এবং উন্নয়নের পক্ষে জাহাঙ্গীরনগর’ ব্যানারে বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনারের পাদদেশ থেকে একটি মৌন মিছিল বের করেন উপাচার্যপন্থিরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুরাতন প্রশাসনিক ভবনের সামনের সংহতি সমাবেশের মাধ্যমে শেষ হয়।

 ‘অন্যায়ের বিরুদ্ধে এবং উন্নয়নের পক্ষে জাহাঙ্গীরনগর’ প্ল্যাটফরমের মুখপাত্র অধ্যাপক মোহাম্মদ আলমগীর কবিরের সঞ্চালনায় সমাবেশে অধ্যাপক হানিফ আলী, অধ্যাপক সুফি মোস্তাফিজুর রহমান, সহযোগী অধ্যাপক বারতা চক্রবর্তী, সহকারী অধ্যাপক শারমিন জামান, অফিসার সমিতির সভাপতি মো. আবু হাসান প্রমুখ বক্তব্য দেন।