উন্নয়ন, শান্তি ও ভাগ্য পরিবর্তনে জনগণকে ভোটে অংশ নিতে হবে --------আনোয়ার হোসেন মঞ্জু

আপডেট : ১২ ডিসেম্বর ২০১৮, ২২:১৭

জাতীয় পার্টি-জেপি’র চেয়ারম্যান ও পানিসম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, ন্যায়, উন্নয়ন, শান্তি ও ভাগ্য পরিবর্তনের ধারা অব্যাহত রাখতে জনগণকে ভোটে অংশগ্র্রহণ করতে হবে। নির্বাচন ন্যায়সংগত, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হলে অবশ্যই শেখ হাসিনার দল তথা ১৪ দলীয় জোট ভোটে জিতবে। যারা নির্বাচনে আসিআসি করে আসতে চান না, দ্বিধা সংকোচে ভুগছেন তাদের দেখাতে হবে এ দেশের মানুষ উন্নয়ন চায়, শান্তি চায়।

আনোয়ার হোসেন মঞ্জু গতকাল বুধবার বিকালে পিরোজপুর জেলার ভাণ্ডারিয়ার গৌরীপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন প্রাঙ্গনে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। পিরোজপুর-২ আসনে (ভাণ্ডারিয়া-কাউখালী-ইন্দুরকানি) ১৪ দলীয় জোটের প্রার্থী হিসাবে এলাকাবাসীর কাছে তার দলীয় নির্বাচনী প্রতীক বাইসাইকেল মার্কা তথা সারা দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকা মার্কার পক্ষে ভোট চেয়ে তিনি এ বক্তব্য দেন। নিজের সংসদ সদস্য প্রার্থিতার পক্ষে গতকাল আনোয়ার হোসেন মঞ্জু এই জনসভার মধ্যদিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। ভাণ্ডারিয়ার গৌরীপুর ইউনিয়নে এ নির্বাচনী সভায় বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।

আনোয়ার হোসেন মঞ্জু বলেন, জাতির  জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন, কষ্ট করে গেছেন, জীবন উত্সর্গ করেছেন। তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজের কথা বলেন। গত ১০ বছরে উপমহাদেশসহ সারা বিশ্বে গণ্ডগোল হচ্ছে, আর বাংলাদেশে বিরাজ করছে শান্তিপূর্ণ পরিবেশ। প্রধানমন্ত্রীর লক্ষ্যই হচ্ছে এ দেশের মানুষ সুখে-শান্তিতে বাঁচুক, মাথা উঁচু করে দাঁড়াক, দারিদ্রের কবল থেকে মুক্ত থাকুক, সম্মানের সাথে বাঁচুক। তার জন্য তিনি প্রতিনিয়ত সংগ্রাম করছেন, পরিশ্রম করছেন।  তিনি যে কাজ করছেন তা যদি আমরা সত্যিকারভাবে মূল্যায়ন করি তা হলে বলতে হবে বঙ্গবন্ধু কন্যা পিতার যোগ্য উত্তরাধিকারী তথা একজন রাষ্ট্রনায়ক হিসাবে অন্যের চেয়ে উত্কৃষ্ট। তার চেয়ে বেশি কেউ কাজ করেননি। তিনি সব সময় কাজ করেন। তার অধীনে ১০ বছর মন্ত্রীত্ব করার সৌভাগ্য আমার হয়েছে। তিনি আমাদের সম্মানের সঙ্গে দেখেন। তিনি সব সময় দক্ষতা, জ্ঞান, গুণ, শিক্ষার মূল্যায়ন করেন। তার এই বিশ্বাস ও সম্মানের প্রতিদান দিয়ে আমরাও কাজের রাজনীতির কথা বলেছি।

পানিসম্পদ মন্ত্রী বলেন, আমরা এ অঞ্চলে ৩৩/৩৪ বছর ধরে ঐক্যের কথা বলে আসছি, একতাই হচ্ছে বড় শক্তি। সবাই এক থাকলে তাদেরকে ন্যায্য হিস্যা থেকে কেউ বঞ্চিত করতে পারে না। আর সব সময় আল্লাহর কাছে চাইবেন, তিনিই হচ্ছেন সবকিছু দেয়ার মালিক। মানুষের কাছে চাইবেন না। মানুষ প্রত্যাশা পূরণের মাধ্যম মাত্র।   

আনোয়ার হোসেন মঞ্জু বলেন, এখন জাতির জন্য একটি পরীক্ষার সময়। এক দল চাচ্ছে দেশের মানুষের মধ্যে ঐক্য না থাকে, উন্নয়ন না হয়, চাপাবাজির রাজনীতি চলে। আমরা যদি দেশের জন্য শান্তি চাই, উন্নয়ন চাই তাহলে প্রধানমন্ত্রীকে আমাদের ভোট দিতে হবে। আমাদের প্রতীক বাইসাইকেল। এখানে বাইসাইকেলে ভোট দিলেই নৌকায় দেয়া হবে।

আওয়ামী লীগ ও জাতীয় পার্টি-জেপি’র উদ্যোগে আয়োজিত এ নির্বাচনী জনসভায় গৌরীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ভাণ্ডারিয়া উপজেলা জেপি’র যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান চৌধুরী সভাপতিত্ব করেন। আরও বক্তব্য রাখেন পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মহারাজ, উপজেলা জেপি’র আহ্বায়ক ও ভাণ্ডারিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান মনিরুল হক মনি জোমাদ্দার, জেপি’র উপজেলা যুগ্ম আহ্বায়ক ও ভাণ্ডারিয়া উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম তালুকদার উজ্জল, ভাণ্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফায়জুর রশীদ জোমাদ্দার খসরু, উপজেলা জেপি’র সদস্য সচিব ও ধাওয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, আওয়ামী লীগের উপজেলা সহসভাপতি নিজামুল হক নান্না, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা পার্টির ( জেপি) সভানেত্রী আসমা আক্তার, উপজেলা জেপি নেতা ইউসুফ আলী আকন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নূরুল আমীন শাহীন, ইউপি সদস্য শহীদুল ইসলাম, যুব সংহতির উপজেলা যুগ্ম আহ্বায়ক বাহাদুর সরদার, আর্দশ কৃষক মো. আবুবকর ও যুব সংহতির নেতা সুজন তালুকদার। এ সময় উপস্থিত ছিলেন ভাণ্ডারিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম, পিরোজপুর জেলা পরিষদের সদস্য আব্দুল হাই হাওলাদার, ভিটাবাড়িয়া ইউপি চেয়ারম্যান খান এনামুল কবির পান্না, ইকড়ি ইউপি চেয়ারম্যান  হুমায়ুন কবির প্রমুখ।

ইন্দুরকানী পাড়েরহাটে বাইসাইকেল মার্কার সমর্থনে সমন্বয় সভা

ইন্দুরকানী (পিরোজপুর) সংবাদদাতা জানান, জাতীয় পার্টি— জেপি’র বাইসাইকেল প্রতীকের সমর্থনে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় পাড়েরহাটের কালীবাড়ি বাজারে পাড়েরহাট ইউনিয়ন যুবলীগের আয়োজনে সভা অনুষ্ঠিত হয়। সভায় ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সুলতান হাওলাদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন— উপজেলা জাতীয় পার্টি— জেপি’র যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ পান্না, উপজেলা জেপি’র মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোশাররফ হোসেন, পাড়েরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিরাজ হাওলাদার, উপজেলা যুবলীগের সহসভাপতি ইলিয়াছ হোসেন,  ইন্দুরকানী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, পাড়েরহাট ইউপি সদস্য নুরুল ইসলাম, পাড়েরহাট ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক আবদুল জলিল খান, স্বেচ্ছাসেবক লীগের পাড়েরহাট ইউনিয়নের আহবায়ক শওকত হোসেন, যুবলীগের ২ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক রাজীব হাওলাদার, ছাত্রলীগের ২ নম্বর ওয়ার্ড সভাপতি রাজু হাওলাদার প্রমুখ।

এসময় বক্তারা পানিসম্পদ মন্ত্রী ও জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু’র নিজস্ব তহবিল থেকে উপজেলার সকল হাট বাজারের খাজনা পরিশোধ করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়া উপজেলার বিভিন্ন ধরনের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ১৪ দলীয় জোটের প্রার্থী আনোয়ার হোসেন মঞ্জুকে বাইসাইকেল প্রতীকে ভোট প্রদানের জন্য আহবান জানান। সভা পরিচালনা করেন উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শাওন হাওলাদার।