সম্ভবনার মৃত্যু অবধারিত জেনেও
অহেতুক রক্তাক্ত লড়াইয়ে নামা।
সোনালি অতীত জ্বালা ধরায় বুকে
অশ্রুসিক্ত হয়ে ওঠে স্বপ্নাতুর চোখ।
সুখের বধ্যভূমিতে দখল নিতে আসে
মতলববাজ ভবিষ্যতের শানিত তীর।
রণবাদ্য বেজে ওঠে মনের রণক্ষেত্রে
প্রতিরোধ গড়ে তোলে একপাল দুর্বলস্নায়ু।
রক্তক্ষয়ী সংঘর্ষেও না মরে—
বেঁচে থাকে আক্রান্ত, আহত হয়েও
যেখানে পঙ্গুত্ব সঙ্গ দেয় আমৃত্যু;
আর পচনধরা আত্মার ক্ষয় হয় ধীরলয়ে।
প্রচণ্ড অভিমানে কেঁদে, অশ্রুবানে ভেসে এসে,
সেই অশ্রুসাগরেই ভেসে থাকা আজীবন!
ক্ষুদ্র একটা পেটের অত্যাচার সইতে না পেরে
রেখে যেতে হয় ক্লান্ত পায়ের কোটি কোটি ছাপ!
একদিন সবই গ্রাস করে নেয় বিস্তীর্ণ বালুকালয়
জন্মের সার্থকতার সাক্ষী দেয় কেবল কাগুজে জন্মসনদ।
