এই সময়ের ছড়া

রাসেলের নাম

আপডেট : ১৭ অক্টোবর ২০১৯, ২১:০৩

তখন সে পড়াশোনা করে ক্লাস ফোরে,

বয়সেও ছোট্টটি একেবারে দশ,

দুচোখের দৃষ্টিতে তীক্ষতা খুব,

কাজে আর আচরণে ভারি চৌকষ।

 

এরকম শিশু যদি থাকে পরিবারে,

উল্লাসে আনন্দে কেটে যায় দিন,

স্বপ্নের প্রজাপতি করে উড়াউড়ি

বুকে জাগে প্রত্যাশা কত সীমাহীন।

 

এই শিশু ছিল নানা সম্ভাবনার,

তার দেশটাও ছিল তার দিকে চেয়ে,

বড়ো হয়ে সেই শিশু খুলে দেবে দ্বার,

আমাদের কথা যাবে দেশে দেশে ছেয়ে।

 

এই শিশু সেই শিশু, রাসেল আমাদের,

তারও প্রাণ কেড়ে নিল সেই কালো রাত,

জন্মে সে এনেছিল কত স্বপ্নের

হাতছানি, চলো রাখি সেইসবে হাত।

 

লক্ষ শিশুর নামে রাসেলের নাম,

আজীবন স্পন্দিত হবে অবিরাম।